November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দেড় কেজি স্বর্ণের গুঁড়া ডিটারজেন্টের প্যাকেটে

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নিজাম উদ্দিন নামে এক যাত্রীর কাছ থেকে দুটি ডিটারজেন্টের প্যাকেটে গুঁড়া করা এক কেজি ৪০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, আটক নিজামের বাড়ি মুন্সীগঞ্জ সদরে। তার বাবার নাম মো. আলী শেখ। মালয়েশিয়া থেকে এমএইচ-১০২ ফ্লাইটে করে সে বিমানবন্দরে পৌঁছেন। বিমানবন্দরে পৌঁছানোর পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে অনুসরণ করে কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় জিজ্ঞাসাবাদ করা হয়।

তিনি আরও জানান, পরে তার ব্যাগ তল্লাশি করে দুটি ডিটারজেন্ট পাউডারের প্যাকেটে পাউডারের সঙ্গে স্বর্ণের গুঁড়া পাওয়া যায়। এর পর বালতিতে পানি এনে ডিটারজেন্ট গুলিয়ে চালুনি দিয়ে ছেকে প্রায় এক কেজি ৪০০ গ্রাম স্বর্ণের গুঁড়া পাওয়া যায়। স্বর্ণের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।