November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

রাজধানীর ছয় এলাকায় ভিক্ষুকমুক্ত করতে প্রচারাভিযান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিশেষ এলাকাগুলোতে ভিক্ষুকমুক্ত করার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এরই ধারাবাহিকতায় ছয়টি এলাকায় প্রাথমিকভাবে ভিক্ষুকমুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই এলাকাগুলোতে ইতোমধ্যে প্রচার প্রচারণা শুরু হয়েছে।
এলাকাগুলো হলো— কূটনৈতিক পাড়া, বিমানবন্দর, হোটেল রেডিসন, হোটেল সোনারগাঁও, হোটেল রূপসী বাংলা ও বেইলী রোড।
সোমবার (৬ জুন) সকাল থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ভিক্ষুকমুক্ত এলাকা ঘোষণার বিষয়টি অবহিত করতে মাইকিং করা হচ্ছে। সকাল সাড়ে ৮টায় সিএনজিতে করে রাজধানীর বেইলী রোড ও কাকরাইল মসজিদ রোডে এ বিষয়ে প্রচার প্রচারণা করতে দেখা গেছে।
মাইকিংয়ে জানানো হয়, নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা ও রাস্তাঘাটে ভিক্ষুকদের চলা ফেরা পরিলক্ষিত হচ্ছে। এ ভিক্ষাবৃত্তির দৃশ্যে বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। আর একটি বিশেষ মহল সুস্থ সবল মানুষকেও ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত করে আর্থিক ফায়দা লুটছে। এ অবস্থা থেকে পরিত্রাণে ভিক্ষুকমুক্ত করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব এলাকা ভিক্ষুকমুক্ত রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হবে। অভিযান চলাকালে কোনো ভিক্ষুককে ভিক্ষারত অবস্থায় পাওয়া গেলে আটক করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন বিভিন্ন সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেয়া হবে।
দেশে আনুমানিক ১০ লাখ মানুষ ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত আছেন। এদের মধ্যে শারীরিকভাবে সক্ষমদের কাজের ব্যবস্থা এবং শারীরিকভাবে অক্ষমদের প্রাথমিক পর্যায়ে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসা, মুদি দোকান দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে বলে সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।