October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সরকারি ওষুধ বিক্রির দায়ে জেল জরিমানা

নিজস্ব প্রতিবেদক :  রাজধানীর পঙ্গু হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে ৫ দালালকে কারাদণ্ড প্রদানসহ সরকারি ওষুধ বিক্রির দায়ে ৫ ফার্মেসির মালিককে জেল-জরিমানা করেছে র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেল ৩টা থেকে ৫ টা পর্যন্ত র‌্যাব-২ ব্যাটালিয়ন রাজধানীর শেরে-বাংলা-নগরস্থ পঙ্গু হাসপাতালে এ অভিযান চালায়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কামরুল ইসলাম (৪৫), আবদুল কাদির (২১), মো. দেলোয়ার হোসেন (৪৫), নাইমুল ইসলাম (২০), মোঃ হাফিজুর রহমান (৪৩), মনির হোসেন (৩৩), মো. আবদুল বাশার (৩০), হাজেরা বেগম (৩০) ও মালেকা বেগম (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-২ অধিনায়ক লে. কর্নেল মহীউদ্দিন জানান, রোগীদের দালালী ও প্রতারণা করার দায়ে দালাল চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। দালাল ও প্রতারক চক্রের সদস্যরা জানায় তারা পঙ্গু হাসপাতালের সামনে থেকে আগত রোগীদের কম টাকায় চিকিৎসা করার প্রলোভন দেখিয়ে দালালদের এজেন্টভুক্ত ক্লিনিকে নিয়ে যায় এবং দালাল চক্র ক্লিনিকের মালিকদের কাছ থেকে কমিশনে টাকা নেয়।

সাধারণ রোগীরা দুইভাবে প্রতারিত হয়। ক্লিনিকের নিম্নমানের চিকিৎসা যা স্বাস্থের জন্য ঝুঁকিপূর্ণ এবং এসব ক্লিনিকে চিকিৎসার খরচ অনেক বেশি, ফলে আর্থিক ক্ষতি হচ্ছে।

এছাড়াও পঙ্গু হাসপাতালের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ফার্মেসিসমুহে অভিযান পরিচালনা কালে দেখা যায় ফার্মেসিগুলোতে অবৈধভাবে সরকারি ওষুধ বিক্রয়, প্যাথোড্রিন জাতীয় ওষুধ লাইসেন্স ছাড়া বিক্রয়, স্যাম্পল ওষুধ বিক্রয়, ওষুধ রাখার জন্য নির্দিষ্ট তাপমাত্রার ফ্রিজ ব্যবহার না করা এবং কোয়ালিফাইড ফার্মাসিস্ট ব্যতীত ওষুধ বিক্রয় করা হয়।

এসব অপরাধে খাজা মেডিকেল সার্ভিসেস-১, খাজা মেডিকেল সার্ভিসেস-২, লাইফ ফার্মা-১, লাইফ ফার্মা-২ এবং  ডে-নাইট ফার্মেসি’র মালিকদের আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, কোম্পানি কমান্ডার, সিপিসি ২ এর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন।

আদালত আটকদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে দণ্ডবিধির ২৯১ ধারা মোতাবেক দালালচক্রের ২ জনকে ২ মাসের কারাদণ্ড ও অপর ২ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

অন্যদিকে ফার্মেসির মালিক ৫ জনকে ১৯৪০ সনের ড্রাগ এ্যাক্টের ১৮/২৭ ধারা মোতাবেক মোট ৪ লাখ পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।