নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে স্কুল শিক্ষককে কান ধরিয়ে উঠ-বস করানোর তীব্র নিন্দা জানিয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যারা এ ঘটনায় জড়িত তাদের শাস্তি পেতে হবে। মঙ্গলবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে তিন দিনব্যাপী জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের এক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শুক্রবার পিটিয়ে জখম করে স্থানীয় জনতা। এক পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান তাকে কান ধরে উঠ বস করতে বাধ্য করেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার পাশাপাশি শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের শাস্তির দাবি উঠেছে।
তবে ওই ঘটনায় কোনো ফৌজদারি অপরাধ ঘটেনি দাবি করে নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বলেন, পুলিশের করার কিছু নেই।
এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, শিক্ষককে কান ধরে উঠ-বস করানো, এটা আমার দৃষ্টিতে অত্যন্ত নিন্দনীয়।…এটা কিন্তু একটা অপরাধ। যারা এ অপরাধের সঙ্গে জড়িত তাদেরকে নিশ্চয়ই শাস্তিভোগ করতে হবে। কারণ আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। এটা আমরা কোনো ভাবেই বরদাশত করতে পারি না।
“এটা ঠিক যে ওই শিক্ষক একজন ছাত্রকে মারধর করেছিল বলে আমি খবরে দেখেছি। তবে যদি সেটাও হয়ে থাকে তাকেও বিচারের আওতায় আনা যেত। তাই বলে তৎক্ষণাৎ মোবাইল কোর্ট ছাড়া ওইখানে এরকম বিচার করাটা বরদাশত করা যায় না। আমার মনে হয় এটার ব্যাপারেও একটা আইনি ব্যবস্থা নিতে হবে।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা