নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘এটাকে গ্রহণযোগ্য মনে করি না, এটার জন্য আমরা বিব্রত।’
এ শিক্ষকের জন্য যা যা করণীয় সম্ভব সেটা অবশ্যই করবেন বলেও জানান মন্ত্রী।
সচিবালয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ সব কথা বলেন।
গত ১৩ মে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করে জনতা। স্থানীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের উপস্থিতিতে সবার সামনে ওই শিক্ষক কানে ধরে উঠ-বস করার পর জনতা শান্ত হয়।
তবে শ্যামল কান্তি ভক্ত নিজেকে নির্দোষ হিসেবে দাবি করে বলেছেন, পুরো ঘটনাই ‘বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।
তিনি দাবি করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সঙ্গে দ্বন্দ্বের কারণে ষড়যন্ত্র করে স্থানীয় মসজিদের মাইকে ধর্মীয় অবমাননার কথা বলে এলাকাবাসীকে জড়ো করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জের ঘটনাটা আমি খবর নিয়েছি, এটা খুবই দুঃখজনক। এটা কখনোই কাম্য হতে পারে না, একজন শিক্ষককে এই পরিস্থিতির মুখোমুখি করা কিংবা তার প্রতি এই ধরনের আচরণ করা।’
শিক্ষকরা অপরাধ করে থাকলে শিক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা নিয়ে থাকে জানিয়ে মন্ত্রী বলেন, ‘একটা নিয়মকানুন আছে, রীতি আছে, রেওয়াজ আছে। এটাকে গ্রহণযোগ্য মনে করি না, এটার জন্য আমরা বিব্রত।’
এ ঘটনার নিন্দা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষকরা যেখানে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হন, আমরা দ্রুতই খবর নেওয়ার চেষ্টা করি। আমরা এ বিষয়ে আরও তথ্য নিব। প্রয়োজনে এ বিষয়ে আরও তদন্ত করে এ বিষয়ে যা যা করণীয় সম্ভব সেটা অবশ্যই করব।’
তদন্ত কমিটি গঠন করা হবে কিনা- জানতে চাইলে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘হবে কি হবে না, আমি আমার সচিবকে ডেকেছি। তদন্ত কমিটি প্রয়োজন হলে করব। যা যা প্রয়োজন সেটা আমরা করবো।’
প্রেমের প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে রাজধানীর কমার্স কলেজে শিক্ষার্থী বহিষ্কারের ঘটনার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বিষয়েও আমরা খোঁজ খবর নিতে বলব। ঘটনা কী পর্যায়ে ছিল, সেখানে দায়িত্বশীল প্রিন্সিপাল আছেন, ম্যানেজিং কমিটি আছেন। সেখানে প্রফেসররা আছেন, এটা ভালো কলেজ, বড় কলেজ। সেখানে এই ধরনের একটা ঘটনা ঘটছে। এর ভেতরের রহস্য… সবটাতো আমি এখনো জানি না।’

এ বিভাগের আরো..
নাজমুল সভাপতি ও সুমনকে সম্পাদক করে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের নতুন কেন্দ্রীয় কমিটি
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী