October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

প্রমোদ মানকিনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

ডেস্ক : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এক শোকবার্তায় তিনি পরলোকগত প্রমোদ মানকিনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

ভারতের বোম্বের হলি ফ্যামিলি হাসপাতালে বাংলাদেশ সময় বুধবার ভোর ৪টা ২৫ মিনিটে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন মৃত্যুবরণ করেন। তিনি ফুসফুসে ক্যান্সারজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

প্রতিমন্ত্রীর মরদেহ আগামীকাল (বৃহস্পতিবার) বেলা ১২টা দিকে বাংলাদেশে আনা হবে। বেলা ১টায় তার মরদেহ কাকরাইলের রমনা চার্চে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। পরে বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বজনের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে। সেখান থেকে তাকে বাংলাদেশ জাতীয় সংসদে তার দীর্ঘ দিনের সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের জন্য নেয়া হবে। সংসদ ভবন থেকে হেলিকপ্টারযোগে তার মরদেহ ময়মনসিংহের হালুয়াঘাটে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নেয়া হবে ও সমাধিস্থ করা হবে।