নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর এখন সময়ের অপেক্ষা। মঙ্গলবার রাতেই কার্যকর হতে পারে তার ফাঁসি। এ ফাঁসি উপলক্ষে রাতভর রাজধানীর শাহবাগে অবস্থান নেবেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
মঙ্গলবার সন্ধ্যায় গণজাগরণ মঞ্চ সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে, জামায়াতের সর্বোচ্চ নেতা নিজামীর ফাঁসি দেয়াকে কেন্দ্র করে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কারাগারের সামনের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
নিজামী প্রাণভিক্ষা চাননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফলে যেকোনো সময় নিজামীর ফাঁসি কার্যকর হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নিজামীর ফাঁসি কার্যকরের জন্য এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে জল্লাদ রাজুকে। প্রস্তুত রাখা হয়েছে চারটি অ্যাম্বুলেন্স। ফাঁসির পর নিজামীর মরদেহ পাবনার সাঁথিয়া উপজেলার মন্মথপুর গ্রামের বাড়িতে নিতে এসব অ্যাম্বুলেন্স ব্যবহার করা হবে বলে জানিয়েছেন এক কারারক্ষী।
মৃত্যুদণ্ড কার্যকরের তোড়জোড়ের মধ্যে মতিউর রহমান নিজামীর সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করে গেছেন তার পরিবারের সদস্যরা।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনটি গাড়িতে নিজামীর পরিবারের সদস্যরা কারা ফটকে পৌঁছান। প্রায় দেড় ঘণ্টা কারাগারের ভেতরে অবস্থান করার পর ৯টা ২৫ মিনিটের দিকে কারাগার থেকে বেরিয়ে চলে যান তারা।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন