সংসদ প্রতিবেদক : মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন-ভাতা ও সুবিধাদি বৃদ্ধি করে আজ বৃহস্পতিবার সংসদে বিল-২০১৬ পাস করা হয়েছে। সংসদ কার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিলটি পাসের প্রস্তাব করেন।
মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের (বেতন-ভাতা ও সুবিধাদি) (সংশোধন) বিলে মন্ত্রীদের বেতন-ভাতা ৫৩ হাজার ১শ’ টাকা থেকে বৃদ্ধি করে ১ লাখ ৫ হাজার টাকা, প্রতিমন্ত্রীদের ৪৭ হাজার ৮শ’ টাকা থেকে বৃদ্ধি করে ৯২ হাজার টাকা, উপমন্ত্রীদের ৪৫ হাজার ১৫০ টাকা থেকে বৃদ্ধি করে ৮৬ হাজার ৫শ’ টাকা করা হয়েছে।
এছাড়া বিলে বিভিন্ন ভাতা ও সুবিধাদি বৃদ্ধি করারও প্রস্তাব করা হয়। এক্ষেত্রে মন্ত্রীদের ৬ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ১০ হাজার টাকা, প্রতিমন্ত্রীদের ৪ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৭ হাজার ৫শ’ টাকা, উপমন্ত্রীদের ৩ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। বিলে মন্ত্রীদের বাড়ি ভাড়া ৮০ হাজার টাকা এবং প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বাড়ি ভাড়া ৭০ হাজার টাকা করা হয়েছে।
বিলে বিদ্যমান আইনে অনুচ্ছেদ ৯-এ উল্লেখিত সুবিধা ৫০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৮০ হাজার টাকা, অনুচ্ছেদ ১০-এর ১ উপ-অনুচ্ছেদে উল্লেখিত সুবিধাদি ৭৫০ টাকা থেকে বৃদ্ধি করে ২ হাজার টাকা, অনুচ্ছেদ ২-এ উল্লেখিত সুবিধাদি ৬শ’ টাকা থেকে বৃদ্ধি করে ১ হাজার ৫শ’ টাকা করা হয়েছে।
এছাড়া বিলে বিদ্যমান আইনে ১৬ অনুচ্ছেদের ১ অনুচ্ছেদের এ ধারায় উল্লেখিত সুবিধাদি ৪ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ১০ লাখ টাকা, ধারা বি-তে উল্লেখিত সুবিধাদি ৩ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৭ লাখ ৫০ হাজার টাকা, ধারা সি-তে উল্লেখিত সুবিধাদি ৩ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৫ লাখ টাকা করা হয়েছে।
জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন, কাজী ফিরোজ রশীদ, নূর-ই হাসনা লিলি চৌধুরী, সেলিম উদ্দিন ও স্বতন্ত্র সদস্য আবদুল মতিন বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠভোটে নাকচ হয়ে যায়।

এ বিভাগের আরো..
বিদেশীদের কাছে নালিশ করে কোনো লাভ হবে না : সংসদে প্রধানমন্ত্রী
পণ্যমূল্য সহনীয় রাখতে সরকারের পাশাপাশি জনগণেরও নজরদারি চাই : সংসদে প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ আগামী ৫ বছরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী