October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

হ্যাকিং : শ্রীলংকার ৬ ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রীলংকার শালিকা ফাউন্ডেশনের ৬ পরিচালকের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির আদালত। শ্রীলংকা কেন্দ্রীয় ব্যাংকের গোয়েন্দা সংস্থার অভিযোগের ভিত্তিতে পুলিশের তদন্ত প্রতিবেদনের আলোকে এ নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট জিহান পিলাপিতিয়া দেশত্যাগে এ নিষেধাজ্ঞা জারি করেন।

শ্রীলংকার ইমেগ্রেশন কর্তৃপক্ষ আদালতের এ আদেশ বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন ইমিগ্রেশনের মুখপাত্র লাকসন জয়সা।

শ্রীলংকা পুলিশ আদালতে বলেন, শ্রীলংকার একটি বেসরকারি ব্যাংকে শালিকা ফাউন্ডেশন গত ২৮ জানুয়ারি একটি অ্যাকাউন্ট খোলে। অ্যাকাউন্ট খোলার ৬ দিন পর প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার এতে পাঠানো হয়।

শ্রীলংকা পুলিশ জানায়, নিম্ন আয়ের পরিবারগুলোকে সাহায্য দেওয়ার জন্য ওই ফাউন্ডেশনটি গড়ে তোলা হয়। কলম্বোর একটি পরিত্যক্ত বাড়িকে এটির ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে। এ ছাড়া যোগাযোগের আর কোনো ধরনের তথ্য নেই।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের ১০১ মিলিয়ন ডলার হ্যাকড হয়ে যায়। এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনে এবং ২০ মিলিয়ন ডলার শ্রীলংকায় পাচার হয়। এর মধ্যে শ্রীলংকায় পাচার হওয়া অর্থ বাংলাদেশ ব্যাংক ফেরত পেলেও ফিলিপাইনে পাচার হওয়া ৮১ মিলিয়ন ডলারের কোনো হদিস নেই। তবে এ বিষয়ে ফিলিপাইনে তদন্ত চলছে।

তথ্যসূত্র : ইনকোয়ারার ডট নেট।