ডেস্ক প্রতিবেদন : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, ‘বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া প্রথম দফায় ইউনিয়ন পরিষদের ভোট আনন্দমুখর পরিবেশে হয়েছে। ব্যাপক ভোটারের উপস্থিতিতে ভোটগ্রহণ হয়েছে শান্তিপূর্ণ।’
শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে ইউপি ভোটের পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। সিইসি বলেন, ‘আমরা মনে করি কয়েকটি জায়গায় বিচ্ছৃঙ্খলা হয়েছে, তবে তা দুঃখজনক। রাতে কয়েক জায়গায় ব্যালট পেপারে সিল মারার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুজনকে গুলি করেছে। যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। আমরা আজকে রাতেও অ্যাকশন নেব, কালকেও নেব।’
তিনি বলেন, ‘আমরা একটা জিনিস করতে পেরেছি। সেটা হলো সময়মতো নির্বাচন করা। আগে তো সময়মতো নির্বাচনই হতো না। সময়মতো নির্বাচন করতে পারা আমাদের বড় একটা অর্জন।।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্য হয়েছে। আমরা কয়েক জায়গায় নির্বাচন স্থগিত করেছি। কারণ সেখানে অনিয়ম হয়েছে। যেখানে অনিয়ম হয়েছে, সেখানে নির্বাচন বন্ধ না করলে আপনারা বলতে পারতেন যে আমরা কোনো ব্যবস্থা নেইনি। যেহেতু আমরা কয়েক জায়গায় ভোট বন্ধ করেছি, সেহেতু আমরা ব্যবস্থা নিয়েছি।’
তিনি বলেন, ‘প্রথম পর্যায়ে ৭৫২টি ইউপিতে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু আদালতের আদেশে ২৭টির ভোট বন্ধ করেতে হয়েছে। কালকে ১১ ইউপিতে ভোট হবে আর ২৭ তারিখে হবে দুটি ইউপিতে। আজ (মঙ্গলবার) ৭১২টির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন জায়গায় অনিয়মের কারণে ৫৬টি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দলীয়ভাবে এবার প্রথম নির্বাচন। এটা ঠিক হতে সময় লাগবে। আমরা ক্রমাগত উন্নতি করছি। আমাদের পক্ষে একা সম্ভব নয়। সবার সহায়তা দরকার।’

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন