November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জমকালো আয়োজনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশি স্টুডেন্টদের কালচারাল ফিউশন নাইট

বিদেশ ডেস্ক  : জমকালো আয়োজনের মধ্য দিয়ে মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি স্টুডেন্টদের কালচারাল ফিউশন নাইট ২০১৬।

ইউসিএসআই ইউনিভার্সিটির উত্তর শাখায় স্থানীয় সময় শনিবার বিকেলে ‘লি কাদরি’ বলরুমে অনুষ্ঠিত হয় এ কালচারাল ফিউশন নাইট।

আদম টারদ ও তারা রয়-এর প্রাণবন্ত উপস্থাপনায় কালচারাল ফিউশন নাইটে আবহমান বাংলার কালজয়ী গানের সঙ্গে মন মাতানো নাচে হলভর্তি দর্শকদের মাতিয়ে রাখেন শিল্পীরা।

আয়োজক ইউনিভার্সিটি সেদায়া ইন্টারন্যাশনাল কলেজ (ইউসিএসআই) ছাড়াও কালচারাল ফিউশন নাইটে অংশ নেয় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি (আইআইইউএম), ইউনিভার্সিটি মালায়া, সেগি ও মোনাস বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি কালচারাল টিমের শিল্পীরা। এ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের দর্শনার্থীরা অংশ নেয় এ কালচারাল ফিউশন নাইটে।

পরে প্রবাসে বিভিন্নখাতে অবদানের জন্য রসনা বিলাস রেস্টুরেন্টের স্বত্বাধিকারী পিয়ার আহমেদ আকাশ, বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়নের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মহিউদ্দিন মাহি, লিটল টুইংকেল প্রি-স্কুলের অধ্যক্ষ হাফিজুর রহমান ও হোটেল লিসমার স্বত্বাধিকারী লিমন সরকারকে বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউসিএসআইয়ের সম্মাননা দেওয়া হয়।

বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মাদ জিয়াউর রহমান জিয়া বলেন, ‘বাংলাদেশি কালচার বিশ্বের বিভিন্ন দেশের স্টুডেন্টদের মাঝে তুলে ধরতেই আমাদের আজকের এ প্রচেষ্টা।’

ভবিষ্যতে আরও বৃহদাকারে বাংলাদেশি কালচার অনুষ্ঠান করার ইচ্ছে প্রকাশ করে তিনি বলেন, ‘বাংলাদেশের মতো এত সুন্দর কালচার বিশ্বের আর কোনো দেশের আছে বলে আমার মনে হয় না। তাই এ কালচার আমরা বিশ্ব দরবারে ব্যাপকভাবে তুলে ধরতে আপনাদের সহযোগিতায় সর্বাত্মকভাবে কাজ করে যাব।’

কালচারাল ফ্যাশন নাইটের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশি কালচারাল ফ্যাশন নাইটের সেক্রেটারি জেনারেল জাইমা জাহিন নীধি, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হক, সহ-সভাপতি তাহসিন জেমিন আদ্রিতা।