নিজস্ব প্রতিবেদক : টি২০ বিশ্বকাপকে সামনে রেখে হালকা অনুশীলন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে হয়েছে তাদের অনুশীলন। বৃহস্পতিবার একই ভেন্যুতে শেষ অনুশীলনের পর ১৯ ফেব্রুয়ারি বয়সভিত্তিক দলের সঙ্গে চারটি অনুশীলন ম্যাচে অংশ নেবে দলের সদস্যরা। অনূর্ধ্ব ১৭ ও ১৮ দলের সাথে ২৪, ২৫, ২৭ ও ২৯ মার্চ বিকেএসপিতে তারা ম্যাচগুলো খেলবে।
নারী দলের প্রধান কোচ চামিকো গামাগের উপস্থিতিতে বুধবার সকালে ওয়ার্মআপের মধ্য দিয়ে অনুশীলন শুরু করেন জাহানারারা। এরপর দুপুর পর্যন্ত ফিল্ডিং অনুশীলনের পর সাংবাদিকদের সাথে কথা বলেন কোচ ও নারী দলের সহ-অধিনায়ক শুকতারা রহমান।
টুর্নামেন্টে ভালো করার প্রত্যয় ব্যক্ত করে শুকতারা বলেন, ‘ভারত ও আমাদের উইকেট অনেকটাই কাছাকাছি। আমরা প্রথম ম্যাচও তাদের সঙ্গেই খেলব। এ জন্যে প্রথম ম্যাচ থেকেই আমরা ভালো খেলার চেষ্টা করব। সব সময় চেষ্টা করব রান ১০০-এর উপরে রাখার। যেহেতু এবার আমরা কোয়ালিফাই ম্যাচ খেলে টুর্নামেন্টে অংশ নিচ্ছি, সেহেতু আমাদের প্রথম টার্গেট থাকবে সেমিফাইনালে খেলা। তা ছাড়া এবার আমরা প্রত্যাশা করছি র্যাঙ্কিংয়ে ৭ অথবা ৮ উঠে দেশে ফেরা।’
অন্যদিকে প্রধান কোচ চামিকো গামাগে বলেন, ‘আমরা ইদানীংকালে ততটা আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারিনি। তবে দেশের বয়সভিত্তিক দলগুলোর সঙ্গে ৪টি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। তাতে সেই ঘাটতি অনেকটাই পূরণ হবে বলে আমি মনে করি। যেহেতু প্রত্যেক গ্রুপ থেকে ২টি করে দল সেমিফাইনালে খেলবে, তাই আমাদেরও প্রধান টার্গেট থাকবে সেই দুই দলের মধ্যে থাকা। এ ছাড়া ভারতের উইকেটগুলো স্পিনবান্ধব। স্পিনারদের নিয়ে আমরা অনেক এগিয়ে আছি। ব্যাটিং সাইটও মোটামুটি ভালো। চারটি প্রস্তুতি ম্যাচ খেলার পর সেই প্রস্তুতি আরও ভালো হবে বলে আমার বিশ্বাস।’
প্রসঙ্গত, ১৫ মার্চ ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী টি২০ ক্রিকেটের সবচেয়ে বড় আসর। প্রথম দিনই ব্যাঙ্গালুরুতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগেই দেশের মাটিতে নিজেদের এই প্রস্তুতি সেরে নিচ্ছে নারী দল।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ