October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

চেলসিকে হারিয়ে পিএসজির জয়

ডেস্ক প্রেতিবেদন:  উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষে থাকা পিএসজি জয় ‍তুলে নিয়েছে চেলসির বিপক্ষে। পিএসজি ২-১ ব্যবধানে হারিয়েছে চেলসিকে শেষ ষোলো রাউন্ডের প্রথম পর্বে।

প্যারিসে মঙ্গলবার রাতের ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্সে থাকা পিএসজির দখলেই বল ছিল অধিকাংশ সময়। বেশ কয়েকটি সুযোগই হাতছাড়া করেন দলের নির্ভরযোগ্য ফুটবলাররা। তাই গোল পেতেও সময় লেগেছে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে এগিয়ে থাকা ফ্রান্সের এই ক্লাবকে। তবে খেলায় গোলের সূচনা হয়েছে ফেভারিট হিসেবে নামা পিএসজিই।

৩৮তম মিনিটে সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের ফ্রি কিকটি প্রতিপক্ষের জন ওবি মিকেলের পায়ের সাথে লেগেও শেষ অবধি বল গোলপোস্টে পৌঁছাতে সক্ষম হয়। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে খুব বেশি সময় তারা এগিয়ে থাকতে পারেননি। বিরতির আগেই অতিথিরা খেলায় সমতা ফিরিয়ে আনেন। চেলসির কস্তার পাসে জন ওবি মিকেলই বল জালে জড়ান। ১-১ ব্যবধানে বিরতি যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেও দারুন কিছু সুযোগ নষ্ট করে দুই দলই। তবে আক্রমণের ধার চলতেই থাকে পিএসজির। আর এই ধারাবাহিক আক্রমণই দলকে জয় পেতে সাহায্য করেছে। বদলি হিসেবে নামা উরুগুয়ের ফরোয়ার্ড এদিনসন কাভানি খেলার ৭৯ মিনিটে দলের জয়সূচক গোলটি করেন। খেলা শেষে স্বাগতিকরা ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে।

উল্লেখ্য, এই ম্যাচের গোল নিয়ে ইউরোপের সেরার মঞ্চে টানা তিনটি ম্যাচে গোল করলেন সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ। প্রতিযোগিতায় সবমিলিয়ে তার গোল হলো ৪৬টি। অন্যদিকে স্বাগতিক পিএসজির মাঠে করা গোলটি চেলসির জন্য কোনো সুখবর বয়ে আনলেও আনতে পারে।