October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আশুলিয়ায় গৃহবধূকে হত্যা করে ডাকাতি

সাভার প্রতিনিধি : আশুলিয়ায় নিরিবিলির ফাল্গুনি হাউজিং এলাকার একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা গৃহবধূ তাহমিনাকে হত্যা করে কয়েক লাখ টাকার মালামাল নিয়ে যান। সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।  এলাকাবাসীর বরাত দিয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির এ তথ্য জানান।
ডাকাতি হওয়া বাড়ির মালিক ইউসুফ ভুইয়া বলেন, সোমবার রাত সাড়ে সাতটার দিকে ৮-১০ জনের একদল ডাকাত তার বাড়ির দোতলায় প্রবেশ করেন। এ সময় ডাকাত দলের সদস্যরা গৃহবধূ তাহমিনা আক্তারের হাত-পা বেঁধে বাসার ভেতরের মালামাল লুট করতে থাকে।
এদিকে, রাত পৌনে আটটার দিকে তিনি বাড়িতে গেলে ডাকাতদলের সদস্যরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলার চেষ্টা করেন। তিনি বাধা দিলে ডাকাত দলের সদস্যরা তার স্ত্রীকে কুপিয়ে জখম করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে চলে যান। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাহমিনাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি বলেন, তাহমিনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। লুণ্ঠিত মালামালও উদ্ধার করা যায়নি।