November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণে আইন আসছে’

নিজস্ব প্রতিবেদক : ‘যানজট নিরসনে রাজধানীর রাস্তায় প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণে আইন আসছে। আইনটি সংসদের চলতি অধিবেশনে সম্ভব না হলেও আগামী অধিবেশনে পাস হবে।’

এ কথা জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে বৃহস্পতিবার সকালে সিএনজিচালিত অটোরিকশা মিটারে চলাচল করে কি না— তা দেখতে বিআরটিএর মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

সাধারণত, যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের জন্য সিএনজিচালিত অটোরিকশার চালকদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

মন্ত্রী বলেন, ‘কোন ব্যক্তি কতটি গাড়ি ব্যবহার করবে তা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একসঙ্গে কতটি গাড়ি রাস্তায় নামবে তা নিয়ন্ত্রণ করা হবে।’

ওই আইনে শুধু চালকদের নয়, গাড়ি মালিকদের জন্যও কঠোর শাস্তির বিধান রাখা হচ্ছে বলেও জানান তিনি।

সিএনজিচালিত অটোরিকশা মিটারে চলাচল বাধ্যতামূলক করতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা আমাদের কাজ করে যাচ্ছি। রাতারাতি তো পরিবর্তন সম্ভব নয়, তবে পরিবর্তন হচ্ছে।’

শুক্রবার ও পরীক্ষার সময় ছাড়া যে কোনো সময় এ অভিযান চালাতে বিআরটিএকে নির্দেশ দেওয়া আছে বলেও জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকার রাস্তায় লাখ লাখ অবৈধ ছোট যান রয়েছে। এগুলো নিয়ন্ত্রণে অভিযান চলছে।’

চালকদের অভিযোগ, অটোরিকশার মালিকরা বেশি জমা আদায় করে বলেই তাদেরও মিটারের বদলে চুক্তির ভিত্তিতে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করতে হয়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘মালিকরা যদি অতিরিক্ত জমা নেয় তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘পরিবহন খাতে শৃঙ্খলা বিধানের পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করা গেলে ঢাকা মহানগরীর যানজট অনেকটাই কমানো সম্ভব। মহানগরীর ফুটপাতগুলো পথচারীদের ফিরিয়ে দিতে সিটি করপোরেশন ব্যবস্থা নিলে আমরাও সহায়তা করব।’

তিনি বলেন, ‘এখনো কিছু কিছু অটোরিকশা চুক্তিতে চলাচল করছে। চুক্তিতে চলাচলকারী অটোরিকশার সংখ্যা সীমিত হলেও অভিযান অব্যাহত থাকবে।’

মিটারে চলাচল নিশ্চিতকরণে আইনগত উদ্যোগের পাশাপাশি যাত্রীদের সচেতনতাও জরুরি বলে মনে করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘জানুয়ারি মাসে বিআরটিএ অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে নানা অভিযোগে এক হাজার ২০৫টি মামলা করেছে। দুই শত ৮৮টি যানবাহন ডাম্পিং করা ছাড়াও ৯০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।’

‘ঢাকার পাশাপাশি চট্টগ্রাম মহানগরীতেও অভিযান চলছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।’ বলেন মন্ত্রী।

এ সময় সড়ক নিরাপত্তা-সম্পর্কিত উপ-কমিটির সদস্য ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।