November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

পুলিশের দেওয়া আগুনে দগ্ধ চা বিক্রেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানী মিরপুর গুদারাঘাট এলাকায় চাঁদার দাবিতে পুড়িয়ে দেওয়া বাবুল মাতাব্বরের (৪৫) মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর দেড়টায় তিনি মারা যান।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

বাবুল মাতাব্বরকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে শাহ আলী থানা পুলিশের বিরুদ্ধে। বুধবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটেছে।

বাবুল মাতাব্বরের পরিবারের দাবি পুলিশ এই ঘটনা ঘটিয়েছে। তবে পুলিশ বলছে, পুলিশের নামে দেলোয়ার নামে এক সোর্স এই ঘটনা ঘটাতে পারে।

জানা যায়, বাবুল মাতাব্বর গুদারা ঘাট এলাকার সাত নম্বর রোডের ৯ নম্বর বাসায় থাকেন। এলাকায় তার একটি চায়ের দোকান আছে। বৃহস্পতিবার রাত সাড়ে সাড়ে ৯টায় শাহ আলী থানা পুলিশের নামে চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কেরোসিনের চুলায় লাঠি দিয়ে বাড়ি দেওয়া হয়। এতে দোকানে আগুন লেগে যায়। এতে তিনি অগ্নিদদ্ধ হন। পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন।

শাহ আলী থানার ডিউটি অফিসার নিয়াজ উদ্দিন বলেন, ‘দেলোয়ার নামে এক ব্যক্তি বিরুদ্ধে এই ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে। সে পুলিশের সোর্স। এর ভিতর অন্য কোনো রহস্য আছে কিনা তা খতিয়ে দেখা হবে।’

ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ড. জহিরুল ইসলাম জানান, বাবুল মাতাব্বরের শরীরের ৯০ ভাগ পুড়ে গিয়েছিল।