বিশেষ প্রতিনিধি : বাংলা একাডেমির ওয়েবসাইটে অমর একুশে গ্রন্থমেলা ২০১৬’তে প্রকাশিত নতুন কোনো বইয়ের তালিকা বা মেলা নিয়ে কোনো তথ্য দেয়া হয়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাইটটিতে কোনো হালনাগাদ তথ্যও পাওয়া যায়নি।
বাংলা ভাষা ও সংস্কৃতির সরকারি গবেষণা সংস্থাটির আনুষ্ঠানিক ওয়েবসাইট [banglaacademy.org.bd] তে গিয়ে দেখা যায়, সেখানে রয়েছে প্রধানমন্ত্রীর ছবিসহ গত বছর ২০১৫ সালের বইমেলার খবর, কর্মপরিকল্পনা-২০১৫, বার্ষিক প্রতিবেদন ২০১৪-২০১৫ ইত্যাদি নানা পুরনো তথ্য।
এছাড়াও ওয়েবসাইটের বাম দিকের ক্যাটাগরি ‘বিভাগ’ অপশনে ক্লিক করলে গবেষণা, সঙ্কলন এবং অভিধান ও বিশ্বকোষ, অনুবাদ, পাঠ্যপুস্তক ও আন্তর্জাতিক সংযোগ, জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ, বিক্রয়, বিপণন ও পুনর্মুদ্রণসহ অন্যান্য বিভাগীয় ট্যাব আসলেও এসব ট্যাব রয়েছে শূন্য, সেখানে কোনো তথ্য দেয়া হয়নি।
এমনকি ‘বাংলা একাডেমিতে বিখ্যাত ব্যক্তিবর্গ’ নামের একটি পৃথক ট্যাব থাকলেও সেখানেও কোনো তথ্য দেয়া হয়নি।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অপরাগ একান্ত সহকারি অপরপ্রান্ত থেকে বলেন, ‘স্যার দেশের বাইরে আছেন।’
একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জীর মোবাইলে একাধিকবার টেলিফোন করলেও তিনি ফোন ধরেননি। এ প্রতিবেদকের টেক্সট ম্যাসেজের জবাবও তিনি দেননি।
সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন অমর একুশে গ্রন্থমেলা, ২০১৬।
বাংলা একাডেমির এ আয়োজন ১ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত (ছুটির দিন ছাড়া) প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। আর ছুটির দিন মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৮টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

এ বিভাগের আরো..
জেলে বসেই ভিওআইপি’র ব্যবসা থেকে টাকা লুটছেন সালমান এফ রহমান
কোলকাতায় বিশ্ব কবি মঞ্চ সম্মাননা পেলেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল
একুশে বইমেলা শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি