চট্টগ্রাম প্রতিনিধি : গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত মানবন্ধন কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শী সূত্র জানায়, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে অল্প সংখ্যক দলীয় নেতাকর্মী সকাল ১০টা থেকে প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে। ১০টা ২০ মিনিটে যখন কর্মসূচির প্রধান অতিথি ড. শাহাদাত বক্তব্য রাখতে শুরু করেন এসময় পুলিশ এসে মানবন্ধন কর্মসূচি পালনে বাধা দেয়। অনুমতি না থাকার কথা জানিয়ে অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিলে এসময় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সাথে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্র্যায়ে কোতোয়ালি থানার এস আই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বিএনপির মানববন্ধন কর্মসূচির ব্যানার কেড়ে নেয়। এরপর প্রতিবাদে ডা. শাহাদাতের নেতৃত্বে তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল বের করে প্রেসক্লাব এলাকা ত্যাগ করেন বিএনপির নেতাকর্মীরা।
কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘বিএনপির এই কর্মসূচি পালনের জন্য তারা কোনো অনুমতি নেয়নি। সেকারণে পুলিশ তাদের কর্মসূচিটি পণ্ড করে দিয়েছে।’

এ বিভাগের আরো..
চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত ক্যান্সার হাসপাতালের শুভ উদ্বোধন
কক্সবাজার রেললাইনের দুইপাশে হাজারো দর্শকের উচ্ছাস
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী