November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধরণের দরপতন

বিদেশ ডেস্ক : সোমবার বড় ধরনের ধসের ফলে বিশ্বজুড়ে শেয়ারবাজারে দরপতন লক্ষ্য করা গেছে। এ কারণে যুক্তরাষ্ট্র, এশিয়া ও ইউরোপের শেয়ারবাজার থেকে একদিনে হাওয়া হয়ে গেছে অন্তত ১ লাখ কোটি মার্কিন ডলার। খবর গার্ডিয়ান, টেলিগ্রাফ ও এনডিটিভি।

নিউইয়র্কের ডাও জোনস সূচক গতকাল একদিনে ১ হাজার পয়েন্টের বেশি কমে গেছে। একইভাবে যুক্তরাজ্যের এফটিএসইয়ে হ্রাস পেয়েছে ৯১ বিলিয়ন পাউন্ড এবং মুম্বাইয়ের সেনসেক্স থেকে উড়ে গেছে বিনিয়োগকারীদের ৭ লাখ কোটি রুপি।

বিশ্বজুড়ে শেয়ারবাজারগুলোয় গতকাল সপ্তাহের প্রথম দিনের শুরুতেই টোকিও থেকে সাংহাই পর্যন্ত এশিয়ার শেয়ারবাজারগুলোতে ধস দেখা যায়। সাংহাই স্টক এক্সচেঞ্জ সূচক গতকাল ৮ দশমিক ৫ শতাংশ হ্রাস পায়, যা ২০০৭ সালের পর সবচেয়ে বড় পতন।

এশিয়ার এ আতঙ্ক ও ধস সারাবিশ্বকে ছুঁয়েছে। নিউইয়র্কের ডাও জোনস ও এসঅ্যান্ডপি ৫০০ বড় ধরনের দরপতনের মুখোমুখি হয়। ডাও জোনসের সূচক ১ হাজার পয়েন্টেরও বেশি নেমে যায়। এসঅ্যান্ডপি ৫০০ কোম্পানিগুলোর শেয়ারের দামও ৫ শতাংশের বেশি হ্রাস পায়। বিশেষত প্রযুক্তি খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম সবচেয়ে বেশি কমে যায়। এর মধ্যে ফেসবুকের শেয়ারে দরপতন ঘটে ১৪ শতাংশ, অ্যাপলের শেয়ারে ১১ শতাংশ। নাসডাক শেয়ারবাজারে লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যে সূচক ৫ শতাংশের বেশি নিচে নেমে গেলে স্বয়ংক্রিয়ভাবে কেনাবেচা বন্ধ হয়ে যায়।

দরপতনের কারণে ইউরোপের শেয়ারবাজার থেকে গতকাল ৫০ হাজার কোটি ইউরো (৫৭ হাজার ৯৪৭ কোটি ডলার) হাওয়া হয়ে গেছে।

পর্যবেক্ষকরা বলছেন, কয়েক দিনের অব্যাহত দরপতনের ধারাবাহিকতায় গতকালের উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বের শেয়ারবাজারগুলোয় সার্কিট পতন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে।

প্রাথমিকভাবে শেয়ারবাজারে এ ধসের জন্য চীনা মুদ্রা ইউয়ানের দরপতনকে দায়ী করা হলেও ঠিক কী কারণে এমনটা ঘটছে, তা কেউই নির্দিষ্ট করে বলতে পারছেন না।

ব্রিটেনের দ্য টেলিগ্রাফ জানিয়েছে, দরপতনের কারণে গতকাল একদিনে লন্ডনের শেয়ারবাজার থেকে বিনিয়োগকারীদের ৯ হাজার ১১০ কোটি পাউন্ড (১৪ হাজার ৩১৪ দশমিক ১৪ কোটি ডলার) হারিয়ে গেছে। ফ্রান্স, ইতালি থেকে গ্রিস পর্যন্ত ইউরোপের সবগুলো শেয়ারবাজার গতকাল ধসের কবলে পড়ে। সবগুলো সূচক গড়ে ৫ শতাংশ নিচে নেমে যায়।

মুম্বাইয়ে বিএসই সেনসেক্স সূচক গতকাল একদিনে ১ হাজার ৭০০ পয়েন্ট নিচে নেমে যায়। এনডিটিভি জানায়, ২০০৯ সালের পর এটাই সেনসেক্সে একদিনে সবচেয়ে বড় দরপতন। গতকাল মুম্বাইয়ের বাজার থেকে বিনিয়োগকারীদের ৭ লাখ কোটি রুপির (১০ হাজার ৪৫৪ দশমিক ৭৯ কোটি ডলার) বেশি অর্থ হারিয়ে গেছে।