October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডে দগ্ধ বাবারও মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ কেরানীগঞ্জে আগুনের ঘটনায় একই পরিবারের দগ্ধ পাঁচ জনের মধ্যে বাবা মো. রিপনের (৪০) মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল সাড়ে ৩টায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার ভোরে রিপনের ছেলে আব্দুল গনি (৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

২০ আগস্ট (বৃহস্পতিবার) রাত ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার টিলাবাড়ী গ্রামের আক্তার মিয়া ওরফে অপু মাস্টারের বাড়ির একটি বাসায় আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন পরিবারের অপর সদস্যরা হলেন— রিপনের স্ত্রী মলিদা (৩৩), মেয়ে রিপা (১৫) ও ছেলে মারুফ হোসেন (১০)।

ঘটনার দিন প্রতিবেশী মনির হোসেন জানান, রাতে সিলিং ফ্যান থেকে শর্টসার্কিট হয়ে বাড়িতে আগুন লাগে। এতে তারা আগুনে দগ্ধ হয়ে বাড়ির সামনে পানিতে গড়াগড়ি ও চিৎকার চেঁচামেচি করছিলেন। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

পোস্তগোলা দমকল বাহিনীর ইনচার্জ মোস্তফা মহসিন জানান, বিদ্যুতের তার ছিঁড়ে স্পার্ক করে আগুন ধরে গেলে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের পাঁচজন আহত হন।

ঢামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল  জানান, দগ্ধদের মধ্যে রিপনের স্ত্রী মলিদার ৩১ শতাংশ, মেয়ে রিপা আক্তারের ২০ শতাংশ ও ছেলে মারুফ হোসেনের শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে। এছাড়া মারা যাওয়া ছোট ছেলে আব্দুল গণির শরীরের ৪০ শতাংশ ও রিপনের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল।