নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনে (ইসি) আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চার সদস্যের প্রতিনিধি দল ইসি সচিব মো. সিরাজুল ইসলামের কাছে দলের পক্ষে আয়-ব্যয়ের এ হিসাব জমা দেন।
আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া শেষে প্রতিনিধি দলের সদস্য বিএনপির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এ কে এম আমিনুল হক সাংবাদিকদের বলেন, “পহেলা জানুয়ারি ২০১৪ থেকে ৩১ ডিসেম্বর ২০১৪ পর্যন্ত দলের মোট আয় হয়েছে দুই কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৫৭৪ টাকা এবং ব্যয় হয়েছে তিন কোটি ৫৩ লাখ তিন হাজার ৫৯০ টাকা। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে ৫৫ লাখ ৬৫ হাজার ১৬ টাকা।”
তিনি আরো বলেন, “বেশি ব্যয়ের টাকা গত বছরের ব্যাংক ব্যালেন্স থেকে মেটানো হয়েছে। আয়ের প্রধান খাতগুলো হলো- শুভানুধ্যায়ীদের দান, সদস্যদের মাসিক চাঁদা ও সদস্য ফরম বিক্রি। আর ব্যয়ের প্রধান খাতগুলো হলো- যাতায়াত, কর্মকর্তাদের বেতন-ভাতা, ইফতার মাহফিল, অফিস খরচ ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম এবং বিএনপির অ্যাকাউন্টস অ্যান্ড অডিট কর্মকর্তা ওমর ফারুক।
এর আগে দলের আয়-ব্যয়ের হিসাব দাখিলের জন্য ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছিল বিএনপি।
উল্লেখ্য, ১৭ জুন দেশের ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দলকে ৩১ জুলাইয়ের মধ্যে ২০১৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য নির্দেশ দেয় ইসি। আইন অনুযায়ী, দলগুলোকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। পরপর তিন বছর কোনো দল হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী