November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ফুটবলের উন্নয়নে ২০ কোটি টাকা অনুদান

ক্রীড়া প্রতিবেদক : দেশের ফুটবলে এলো নতুন চমক। বাংলাদেশের ফুটবল উন্নয়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ১৪ কোটি টাকা অনুদানে সম্মত হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স। এখানেই শেষ নয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও ৪ কোটি টাকা এবং অর্থ মন্ত্রণালয় থেকে আরও ২ কোটি টাকাসহ মোট ২০ কোটি টাকা আগামী এক বছরেই ফুটবল ফেডারেশনের কোষাগারে জমা হবে।

বাফুফের ইতিহাসে আর্থিকভাবে এটিই সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা ।

সোমবার সন্ধ্যায় বাংলাদেশ অ্যাসিয়েশন অব ব্যাংকার্স-এর এক বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়। এর পরই বাফুফে সভাপতি কাজী সালাহ উদ্দীনের হাতে ২ কোটি টাকার চেকও তুলে দেওয়া হয়। বাকি টাকা পরবর্তীতে ক্রমান্বয়ে দেওয়া হবে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘মূলত দেশের ফুটবল উন্নয়নে এই অর্থ ব্যয় করা হবে। এর মধ্যে রয়েছে জাতীয় ফুটবল দলের বিভিন্ন আন্তর্জাতিক সূচি, জাতীয় দলের বিদেশি কোচের বেতন, একাডেমির অবকাঠামো উন্নয়ন। দেশের ফুটবল উন্নয়নে তাদের সহযোগিতা করার জন্য আমরা সরকার ও অ্যাসিয়েশন অব ব্যাংকার্সসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

চেক বিতরণকালে এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের পক্ষে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মজুমদার ও নুরুল ফজল বুলবুল।