October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

এসএসসি ও সমমানে পাস ৮৭.০৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক : ২০১৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন শিক্ষার্থী পাস করেছে। সব বোর্ডে গড় পাসের হার ৮৭.০৪ শতাংশ। সারাদেশে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১১ হাজার ৯০১ জন।

সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।

এবারের পরীক্ষায় মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯০.২০ শতাংশ ও কারিগরি বোর্ডে ৮৩.০১ শতাংশ। সাধারণ বোর্ডের মধ্যে বরিশালে পাসের হার ৮৪.৩৭ শতাংশ, রাজশাহীতে ৯৪.৯৭ শতাংশ, কুমিল্লায় ৮৪.২২ শতাংশ, সিলেটে ৮১.৮২ শতাংশ, চট্টগ্রামে ৮২.৭৭ শতাংশ, দিনাজপুরে ৮৫.০৫ শতাংশ।

জিপিএ-৫ কুমিল্লা বোর্ডে ১০ হাজার একশ ৯৫ জন, চট্টগ্রামে সাত হাজার ১১৬, বরিশালে তিন হাজার ১৭১, সিলেটে দুই হাজার ৪৫২।

দুপুর একটায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষামন্ত্রী ফলাফল প্রকাশের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। বেলা দেড়টা থেকে শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd এই ওয়েব ঠিকানায়, মোবাইলের এসএমএস এবং নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফলাফল জানতে পারবে।

এ বছর ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে।