October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

খালেদা-তারেককে না সরালে বিএনপির পুনর্গঠন সম্ভব নয়: হাছান

নিজস্ব প্রতিবেদক : কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে না সরালে দলের পুনর্গঠন সম্ভবন নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব হলরুমে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত জননেত্রী শেখ হাসিনার কল্যাণ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, “কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে বিএনপি নেত্রী খালেদাকে না সরালে দলের পুনর্গঠন সম্ভবন নয়। পাশাপাশি সাত সমুদ্র তের নদীর ওপার থেকে যিনি ফরমান পাঠান তাকে না সরালেও দলটির পুনর্গঠন সম্ভব নয়।”

বিএনপিকে উদ্দেশে তিনি বলেন, “হিংসা, ধ্বংস এবং জঙ্গি  নেত্রী খালেদা জিয়াকে সরিয়ে দিন। তা না হলে দেশের সব কমিটি বিলুপ্ত করেও কোনো লাভ হবে না। তাই দয়া করে আপনাদের  কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করুন। পাশাপাশি সন্ত্রাসী কার্যক্রমে নেতৃত্বদানকারী তারেক রহমানকেও সরান, তাহলেই বিএনপির পুনর্গঠন হবে।”

বিএনপি গরু মেরে জুতা দান করে মন্তব্য করে ড. হাছান বলেন, “সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশ সফরে এলে তার সঙ্গে খালেদার সাক্ষাৎ করার কথা ছিল। কিন্তু হরতাল ডেকে, অহেতুক অজুহাত দেখিয়ে তিনি সাক্ষাৎ করেনি। আর এখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানান, এটি লজ্জাজনক। অবশ্য যারা ব্রিটিশ কংগ্রেসের স্বাক্ষর জলিয়াতি করে নিজেরা বিবৃতি দেন, তাদের দ্বারাই এটি সম্ভব।”

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এসময় বলেন, “যারা জঙ্গিদের সাথে আলোচনা করার কথা বলে তারা গণতন্ত্রকে হত্যা করতে চায়। দেশকে অকার্যকর করতে চায়। কারণ পৃথিবীর কোনো রাষ্ট্র জঙ্গি সম্প্রদায়ের সাথে আলোচনা করে না।”

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা আব্দুল্লাহ আল কায়সারের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।