ডেস্ক: সোমবার দিবাগত রাতে ‘প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান মারা গেছেন’ এমন গুজব ছড়িয়ে পড়ে। এ খবর শোনে অনেকেই ফেসবুকে তার জন্য শোক জানান।
এমনকি তার অনেক সহকর্মীরাও তার মৃত্যুর খবর স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিচ্ছিলেন। অনেকে পরপারে তার আত্মার শান্তি চেয়েও স্ট্যাটাস দিয়েছেন। সে সময় একাত্তর টিভির স্ক্রলেও এ অভিনেতার মৃত্যুর খবর প্রচার করে যাচ্ছিল।
কিন্তু ওই সময় অভিনেতা এটিএম শামসুজ্জামান তার পুরান ঢাকার বাসায় বিশ্রাম নিচ্ছিলেন। নিজের মৃত্যুর খবর কানে যাওয়ার পর পরই তিনি ফেসবুক লাইভে আসেন। ক্ষোভ ঝাড়েন সেই বেসরকারি টিভি চ্যানেলটির উপরে।
তিনি বলেন, ‘একাত্তর চ্যানেলের মতো একটা নামকরা চ্যানেল কীভাবে এমন ভুয়া খবর প্রচার করে। তারা তো একবার আমার বাসায় ফোন করে খবর নিতে পারতেন। যারা আমার মৃত্যুর গুজব ছড়িয়েছে তারা ইতর লোক।’
তবে শুধু এবারই নয়, এর আগেও কয়েকবার অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুর ভুয়া খবর রটেছিল। কিন্তু প্রতিবারই অভিনেতা প্রকাশ্যে এসে জানিয়েছেন যে, তিনি সুস্থ আছেন।
এটিএম শামসুজ্জামান বাংলাদেশের বর্ষীয়ান কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা। সহকারী পরিচালক হিসেবে যাত্রা শুরু করে লেখক হিসেবে সুনাম অর্জন শেষে অভিনয়ে স্থায়ী হন এটিএম শামসুজ্জামান। সূত্র: অনলাইন।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী