November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ধর্ষক ‘বাবা’র ডেরায় মিলেছে গর্ভপাতের উপকরণ

ডেস্ক : ধর্ষক বাবা রাম রহিমের ডেরায় কি কি পাওয়া গিয়েছে সেই তালিকা লম্বা। আপাতত ধর্ষণের মামলায় ২০ বছরের কারাদণ্ডে জেলে আছে ‘বাবা’। আর তার ডেরায় কোনে কোনে তল্লাশি চালানো হচ্ছে। রবিবার ৯৯ শতাংশ তল্লাশি সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে হরিয়ানা সরকার। একাধিক নিষিদ্ধ জিনিস উদ্ধার হয়েছে তার ডেরা থেকে।

India Today-র রিপোর্ট অনুযায়ী, সার্চ অপারেশন চলাকালীন গর্ভপাতের ‘কিট’ উদ্ধার হয়েছে। এছাড়াও পাওয়া গিয়েছে প্রচুর অবৈধ বিস্ফোরক। এছাড়া সিরসায় গুরমিত রাম রহিম সিংহের ডেরা সদর দফতরে তল্লাশি অভিযান চালিয়ে একটি গোপন সুড়ঙ্গের সন্ধানও পেয়েছে সরকারি কর্মকর্তারা।

জানা গিয়েছে, ডেরা প্রধানের বিলাসবহুল আবাস থেকে সাধ্বীদের হোস্টেলে যাওয়ার জন্য এই সুড়ঙ্গটি ব্যবহার করা হয়। এও জানা গিয়েছে, এর মধ্যে চারটি ঘর আছে, সঙ্গে অ্যাটাচড বাথরুম। এর চেহারাটা অনেকটা জানালার মতো। তবে দৈর্ঘ্য, প্রস্থ সম্পর্কে কিছু জানা যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, অনাথ মেয়েদের ওয়ার্ডেনের ঘরেও এমন একটা গোপন রাস্তার সন্ধান মিলেছে, যা গিয়ে মিলছে অনুসারীরা যেখানে বসতেন, সেই বিরাট হলে। আলমারির পেছনে লুকিয়ে রাখা হয়েছিল এই রাস্তাটি। তবে অনাথ মেয়েরা যে ঘরগুলিতে থাকত, সেগুলিতে এমন কোনও দরজা নেই। এছাড়াও ৭৫০ একরের এই ক্যাম্পাসে একটি বেআইনি বাজি কারখানার খোঁজ পেয়েছে কর্মকর্তারা। ৮৪ বাক্স বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। এই বাজিগুলোর মধ্যে যথেষ্ট বিস্ফোরণক্ষম পদার্থ ছিল বলে খবর।

গোয়েন্দারা বলেন, ডেরা দফতরে যেভাবে অস্ত্র শিক্ষা দেওয়া হয়, তাতে ভবিষ্যতে বিপদ ডেকে আনতে পারে। এ জন্য অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের নিযুক্ত করায় বিষয়টি অত্যন্ত চিন্তাজনক বলে মন্তব্য করেন তাঁরা। সেনা কর্মীদের ডেরার সংস্পর্শ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়।