নিজস্ব প্রতিবেদক : আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্ম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিনটিতে সার্বিক নিরাপত্তা বিধানে রাজধানীর ছোট-বড় ৭৬টি চার্চে সিসি টিভি ক্যামেরা, পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত নিরাপত্তা তল্লাশী, আর্চওয়ে গেইট, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোসাল ইউনিট, সোয়াট টিম ও এসবির সুইপিং টিম মোতায়েন থাকবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) হেডকোয়ার্টার্সে বুধবার (২১ ডিসেম্বর) এক আলোচনা সভায় পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ঢাকা মহানগরীর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ সকল নির্দেশনা মেনে চলার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘আসন্ন ২৫ ডিসেম্বর রবিবার খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে লক্ষ্য রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির যে কোনো ধরনের আশঙ্কা রোধকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর।’
ডিএমপির নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে— বড়দিন উপলক্ষে কোনো ধরনের আতশবাজি বা পটকা ফোটানো যাবে না। রাজধানীতে ছোট বড় ৭৬টি চার্চে পর্যাপ্ত আলোসহ সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হবে। যার মাধ্যমে উপসানালয় দর্শনার্থীদের আগমন-বহিরাগমন পর্যবেক্ষণ করা হবে। চার্চগুলোতে প্রবেশ করার আগে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত নিরাপত্তা তল্লাশীর মাধ্যমে চার্চে প্রবেশ করতে হবে। চার্চ এলাকার আশেপাশে কোনো ধরনের ভাসমান দোকান বা হকার বসতে দেওয়া হবে না। প্রত্যেক দর্শনার্থীকে চার্চের আর্চওয়ে গেইট দিয়ে চার্চের ভিতরে প্রবেশ করতে হবে।
নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোসাল ইউনিট ও সোয়াট টিম মোতায়েন থাকবে। চার্চ ও তার আশপাশের এলাকায় এসবির সুইপিং টিম মোতায়েন থাকবে। নিরাপত্তা বিধানে মোবাইল পেট্রোল, চেকপোস্ট ও ফিক্সড উিউটি বড়দিন অনুষ্ঠানের দু’দিন আগে থেকে কার্যক্রম শুরু করবে।
ডিএমপি কমিশনার বড়দিনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। আলোচনা সভায় খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দ ও ডিএমপির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো..
চলতি বছরের ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা ও সর্বনিম্ন ১১৫ টাকা
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা
সৎসঙ্গ বিহারে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব