October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দুই শতাধিক ইউপিতে আ’লীগের প্রার্থী চূড়ান্ত

দুই শতাধিক ইউনিয়ন পরিষদে (ইউপি) একক প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মঙ্গলবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থিতা চূড়ান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোয়ন বোর্ডের একজন সদস্য নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘অধিকাংশ ইউনিয়ন থেকে একক প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছে। আমরা তৃর্ণমূলের প্রস্তাবকেই প্রাধান্য দিচ্ছি। বৈঠকে প্রায় আড়াই’শ ইউনিয়নে একক প্রার্থী চূড়ান্ত করেছি।’

তিনি আরও বলেন, ‘বাকি ইউনিয়ন পরিষদে একক চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করতে বুধবার সন্ধ্যা ৭টায় গণভবনে স্থানীয় সরকার/ইউনিয়ন নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। এরপরই মনোনীত প্রার্থীদের কাছে চিঠি হস্তান্তর করা হবে।’

বোর্ডের একাধিক সদস্য জানান, তিন শতাধিক ইউনিয়ন পরিষদে একক চেয়ারম্যান প্রার্থীর তালিকা পাঠাতে পারেনি তৃণমূল মনোনয়ন বোর্ড। ফলে মনোনয়ন প্রত্যাশী সবার নাম পাঠিয়েছে তারা।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।