November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

নওগাঁয় খুচরা বাজারে কমেছে চালের দাম

কাজী নুর নবী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় সরকারের খাদ্যবান্ধবসহ বিভিন্ন কর্মসূচি চালু থাকায় ও বাজরে ক্রেতা কম থাকায় দুই সপ্তাহের ব্যবধানে ক্রমাগতভাবে ২ থেকে ৫ টাকা পর্যন্ত কমেছে চিকন চালের দাম। তবে স্থিতিশীল রয়েছে মোটা চালের দাম।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, মিল মালিকদের কাছে যেসব চাল আছে সেগুলো তারা বাজারে ছাড়তে শুরু করছেন। এছাড়াও সরকারের খাদ্যবান্ধবসহ বিভিন্ন কর্মসূচি চালু থাকায় ও বাজারে ক্রেতা কম থাকায় দুই সপ্তাহের ব্যবধানে ক্রমাগতভাবে কমেছে চালের দাম।

নওগাঁ পৌর এলাকায় চাল বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে ব্রিআর-২৮ ও ২৯ জাতের চাল ৫০ থেকে ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা দুই সপ্তাহ আগে ৫৫-৫৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়াও জিরাশাইল ৫৮-৬২ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। কাটারিভোগ ৬০-৬৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে। যা আগে ৬৫-৭০ ছিল। তবে মোটা জাতের চাল (স্বর্ণা-৫) ৪৮-৫০ টাকা কেজিতে বিক্রি হলেও বাজার স্থিতিশীল রয়েছে।

বাজারে এক চাল ক্রেতা জানান, বর্তমানে চালের দাম কেজিতে ২/৩ টাকা করে কমেছে। সিন্ডিকেট করে চালের দাম সবসময় বাড়তি রাখার চেষ্টা করে কিছু অসাধু ব্যাবসায়ীরা যার ফলে বাজারে সব জিনিসের দাম বেশি তাই সরকারের উচিত প্রতিনিয়ত বাজার মনিটরিং করা ।