ডেস্কঃ ডিমের দাম অতিরিক্ত বেড়েছে উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দু-তিন মাসের মধ্যে কমে যাবে। তবে চাষিদের কথা বিবেচনায় রেখে ডিম আমদানি করা উচিত হবে না।
আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
করোনা অতিমারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পণ্যের দাম বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, সব ধরনের পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। যখন গমের দাম বেশি থাকে, তখন মানুষ চালের দিকে ঝুঁকে পড়ে। কিন্তু আমাদের যে খাদ্য মজুত রয়েছে, তাতে মঙ্গাপীড়িত অঞ্চলসহ কোথাও সংকট হবে না। বোরোর জন্য আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। সার সংকট হবে না।
মুক্তবাজার অর্থনীতিতে কৃষিপণ্যের দাম নির্ধারণ করে দিয়ে মূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয় উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, দেশে যে পরিমাণ খাদ্যশস্য মজুত রয়েছে এবং যে পরিমাণ চাল ও গম আমদানি করা হচ্ছে, তাতে দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই। খাদ্যপণ্যের দাম যেভাবে বেড়েছে তাতে মানুষের কষ্ট হলেও বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার খাদ্যবান্ধব কর্মসূচিসহ নানা কর্মসূচি নিয়েছে।
চলতি বছরের ২১ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশে ইউরিয়া সার ৬ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন, টিএসপি ৪ দশমিক ৯৪ লাখ মেট্রিক টন, ডিএপি ৯ দশমিক ৪৭ লাখ মেট্রিক টন এবং এমওপি ২ দশমিক ৬৮ লাখ মেট্রিক টন মজুত রয়েছে।
এছাড়া দেশের উন্নয়নের স্বার্থে যুদ্ধ চান না বলেও জানিয়েছেন কৃষিমন্ত্রী ডা. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, যুদ্ধ দিয়ে দেশটাকে পিছিয়ে দিতে চাই না। আমাদের প্রতিবেশী দেশ মিয়নমারের সঙ্গে বৈরী সম্পর্ক নিয়ে আওয়ামী লীগ সরকার কোনো উদ্বেগের মধ্যে রয়েছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সেনাবাহিনী ও আর্মড ফোর্সের যথেষ্ট সক্ষমতা রয়েছে। মিয়ানমারের মতো দেশকে আমরা অবশ্যই মোকাবিলা করতে পারব। আর জাতি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
যেকোনো দেশ রক্ষায় জাতিরও বিরাট ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমার মনে হয় পুরো জাতি ঐক্যবদ্ধভাবে সরকারকে সহযোগিতা করবে। তবে আমরা মানবিক দিক বিবেচনা করছি। কিন্তু পশ্চিমা বিশ্ব যারা মানবতার কথা বলে, তারা তো কাউকে জায়গা দিচ্ছে না। বাংলাদেশ লাখ-লাখ রোহিঙ্গা জায়গা, খাবার দিচ্ছে। এখন আমাদের ঝুঁকি হলো নিরাপত্তার। তারপরও আমরা চাই না যে যুদ্ধ হোক।
মন্ত্রী বলেন, আমরা আমাদের উন্নয়নটাকে সামনে নিয়ে যেতে চাই। উন্নয়নের যে ধারা বইছে সেটা যুদ্ধ দিয়ে দেশটাকে পিছিয়ে দিতে চাই না। আমাদের সরকারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে মিয়ানমার সরকারের সঙ্গে। তারাও বার বার আশ্বস্ত করেছে, এগুলো অভ্যন্তরীণ বিষয়, মোকাবিলা করতে গিয়ে কিছু ইনসিডেন্ট হচ্ছে। ইনশাআল্লাহ যুদ্ধ হবে না। আর মিয়ানমারও সে অবস্থায় নেই।
উল্লেখ্য ডিমের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী বলেছিলেন, প্রয়োজনে ডিম আমদানি করা হবে। এরপরই ডিমের দাম কমে যায়। তবে আবার বেড়ে গেছে ডিমের দাম।

এ বিভাগের আরো..
রাষ্ট্রপতি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন
রাষ্ট্রপতি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন আগামীকাল
ভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোকারীদের চিনে রাখতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী