October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

শিশুদের জন্য বই লিখলেন মেগান মার্কেল

ডেস্ক : মেগান মার্কেল ‘দ্য বেঞ্চ’ নামে শিশুদের জন্য একটি বই প্রকাশ করতে যাচ্ছেন। স্বামী প্রিন্স হ্যারির সাথে সন্তান আর্চির সম্পর্ক দেখে উৎসাহিত হয়ে তিনি বইটি লেখেন।
এই দম্পতির ফাউন্ডেশন মঙ্গলবার এক ঘোষণায় এ কথা বলেছে।
আগামী ৮ জুন বইটি প্রকাশ হওয়ার কথা। বইটির অঙ্গসজ্জা করেছেন ক্রিশ্চিয়ান রবিনসন।
দ্বিতীয় সন্তান জন্ম দেয়ার অপেক্ষায় থাকা মেগান এক বিবৃতিতে বলেন, আর্চির জন্মের পর ফাদার্স ডে উপলক্ষে আমার স্বামীর জন্য লেখা একটি কবিতা দিয়ে দ্য বেঞ্চ বইটি শুরু হয়েছিল। কবিতাটিই পরে গল্পে রূপ নিয়েছে।
সাবেক মার্কিন অভিনেত্রী মেগান আরো বলেন, জীবনের সবক্ষেত্রে পিতা ও সন্তানের সাথে সম্পর্কের যে উষ্ণতা, আনন্দ ও স্বস্তি তা তুলে ধরার লক্ষে এই বই। বইটি প্রতিটি পরিবারকে নাড়া দেবে বলে আমি আশা করি।
প্রিন্স হ্যারি ও মেগান রাজপরিবার ত্যাগ করে গত বছর আমেরিকার ক্যালিফোর্ণিয়ায় বসবাস শুরু করেন। তাদের সন্তান আর্চি বৃহস্পতিবার দুবছরে পা রাখতে যাচ্ছে। (বাসস)