October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আর্থিক খাত নিয়ে যা থাকছে রাষ্ট্রপতির ভাষণে

ডেস্ক: একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বুধবার শুরু হচ্ছে। বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন বসবে। বছরের প্রথম অধিবেশন হওয়ায় রীতি অনুযায়ী এদিন সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।

ভাষণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি নানা দিকনির্দেশনা থাকবে। তার ভাষণে দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও আর্থিক সেবা সম্প্রসারণ ও শক্তিশালী করাসহ একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি থাকছে। তবে সাম্প্রতিক সময়ে আর্থিক খাতে ঘটে যাওয়া নানা ধরনের দুর্নীতি আর অনিয়োমের বিষয়ে তেমন কিছু থাকছে না বলেই অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে।

রাষ্ট্রপতির ভাষণে অন্তর্ভুক্তির জন্য সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বেশকিছু তথ্য সংবলিত একটি প্রতিবেদন বঙ্গভবনে পাঠিয়েছে। এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নানামুখী সংস্কারমূলক কার্যক্রমের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি ও আর্থিক সেবা সম্প্রসারণ ও শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এর ফলে নানান সাফল্য অর্জিত হয়েছে।