October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মির্জা ফখরুলের বিদেশ সফরসহ দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা

ডেস্ক: দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নির্বাচনের আগে এই সফর নিয়ে দেশে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যে রোববার বিকেল সাড়ে ৫টায় ঢাকায় শাহজালাল বিমানবন্দরে নামেন তিনি। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা করে দেশে ফিরলেন তিনি।

দলের একটি সূত্র জানিয়েছে যে, সোমবার সন্ধ্যায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি বৈঠক বসবে। এতে মির্জা ফখরুলের বিদেশ সফরসহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি আলোচনা হতে পারে বলে সূত্রটি জানায়।

দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে নিয়ে গত বুধবার যুক্তরাষ্ট্র গিয়েছিলেন বিএনপি মহাসচিব ফখরুল। সেখানে তার সঙ্গে যোগ দিয়েছিলেন লন্ডন থেকে আসা সহ-আন্তর্জাতিক সম্পাদক হুমায়ূন কবীর। তারা বৃহস্পতিবার জাতিসংঘ সদর দফতরে সংস্থার সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকার সঙ্গে বৈঠক করেন। পরদিন বৈঠক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ এশিয়া ডেস্কের কর্মকর্তাদের সঙ্গে। বৈঠকে বিএনপি মহাসচিব দেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী দলকে দমন-পীড়নের অভিযোগ এবং দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আলোচনা করেন।

ফখরুলের এই সফরের সমালোচনা করে আওয়ামী লীগ নেতারা বলেছেন, ‘নালিশ’ জানানোর মধ্য দিয়ে নিজেদের দেউলিয়াত্ব প্রকাশের পাশাপাশি দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করেছে বিএনপি। পাশাপাশি লবিস্ট ভাড়া করার অর্থের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন ক্ষমতাসীন দলের নেতারা।