November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বঙ্গবন্ধুর বায়োপিক : ভারতের প্রস্তাবে তিন পরিচালকের নাম

ডেস্ক: গত বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ও মুক্তিযুদ্ধের ওপর প্রামাণ্যচিত্র নির্মাণের বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতাপত্র (এমওইউ) স্বাক্ষর হয়েছিল। নির্মাণ কাজের প্রথম ধাপে সম্ভাব্য পরিচালক হিসেবে বাংলাদেশের কাছে তিনজনের নাম প্রস্তাব করেছে ভারত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যে তিন নির্মাতার নাম প্রস্তাব করা হয়েছে, তারা হলেন- ভারতের বরেণ্য পরিচালক স্যাম বেনেগাল, গৌতম ঘোষ ও কৌশিক গঙ্গোপাধ্যায়। আগামী মাসের শেষের দিকে ঢাকায় বাংলাদেশ ও ভারতের তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে আরেক দফা বৈঠক হবে। তখনই পরিচালক চূড়ান্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।

বঙ্গবন্ধুর এই বায়োপিকের কাজ যেন দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্যে গত ১২ জুলাই সকালে দিল্লিতে বাংলাদেশ ও ভারত সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এতে সিদ্ধান্ত হয়েছে, বঙ্গবন্ধুকে ওপর কাহিনীচিত্রটি ২০২০ সালের ১৭ মার্চ তার জন্মশতবার্ষিকীর ঠিক আগেই মুক্তি পাবে। ফলে ছবিটির কাজ শেষ করার জন্য হাতে সময় আছে দু’বছরেরও কম।

এছাড়া দুই দেশের যৌথ উদ্যোগে একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটি প্রামাণ্যচিত্রও তৈরি হবে। এর কাজ শেষ করার সময়সীমা ধরা হয়েছে ২০২১ সাল অর্থাৎ মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীতে।

দিল্লির বৈঠকে বাংলাদেশের ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল হোসেন। ভারতের পক্ষ থেকে নেতৃত্বে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জয়শ্রী মুখার্জি। এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথনও ছিলেন বৈঠকে। সূত্র: অর্থসূচক