October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

ইউনাইটেড হাসপাতাল ছাড়া অন্য হাসপাতালে যাবেন না খালেদা জিয়া

ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যেতে অনীহা প্রকাশ করায় তাকে সেখানে নেওয়া হয়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) সৈয়দ ইফতেখার উদ্দিন।

খালেদা জিয়া কারা কর্তৃপক্ষকে বলেছেন, ‘আমি ইউনাইটেড হাসপাতাল ছাড়া অন্য কোনো হাসপাতালে যাবো না।’

সোমবার সকাল ১১টার দিকে কারা অধিদফতরের সামনে সৈয়দ ইফতেখার উদ্দিন সাংবাদিকদের এসব তথ্য জানান।

সৈয়দ ইফতেখার বলেন, উনি যদি মত পরিবর্তন করেন, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে তাকে। তবে বিএসএমএমইউতে চিকিৎসা নিতে অনীহার কারণ খালেদা জিয়া লিখিত আকারে জানালে আমরা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের জন্য কর্তৃপক্ষকে জানাবো।

এর আগে গতকাল সোমবার খালেদা জিয়াকে রাজধানীর ইউনাজইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদানে বিএনপির দাবি প্রসঙ্গে কারা মহাপরিদর্শক বলেছিলেন, ‘খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নেওয়ার কোনো সুযোগ এই মূহূর্তে কারাবিধি অনুযায়ী নেই। জেল কোড অনুযায়ী সরকারি অর্থ খরচ করে বেসরকারি হাসপাতালে চিকিৎসার সুযোগ নেই।’

সম্প্রতি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা কারাগারে তার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের জানান, গত ৫ জুন খালেদা জিয়া পড়ে গিয়ে সজ্ঞা হারিয়েছিলেন। এ বিষয়ে জানতে চাইলে কারা মহাপরিদর্শক বলেন, উনি (খালেদা জিয়া) অজ্ঞান হননি, ইমব্যালেন্সড হয়েছিলেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। ওইদিন থেকেই তিনি কারাগারে রয়েছেন। নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের ডে-কেয়ার সেন্টারে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় রাখা হয়েছে তাকে।

কারা কর্তৃপক্ষের অনুরোধে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশের ভিত্তিতে এর আগে গত ৭ এপ্রিল বিএসএমএমইউতে বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।