October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন সম্ভব: প্রধানমন্ত্রী

ডেস্ক: সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন যে সম্ভব, আওয়ামী লীগ সরকার তা প্রমাণ করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দ্বিতীয় ধরলা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। সেতুটির নামকরণ করা হয়েছে ‘শেখ হাসিনা ধরলা সেতু’।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের অবহেলিত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে।

সেতুর উদ্বোধনকে ঘিরে ধরলার পূর্ব পাড়ের ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলাসহ গোটা জেলার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সেতুটি চালু হলে প্রায় ১০ লাখ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

প্রধানমন্ত্রী ২০১২ সালের ২০ সেপ্টেম্বর দ্বিতীয় ধরলা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এরপর এর নির্মাণ কাজ ২০১৪ সালে শুরু হয়ে গত বছর ডিসেম্বরে শেষ হয়েছে। এর আগে ৬৪৮ মিটার দৈর্ঘের প্রথম ধরলা সেতু নির্মাণ করা হয়েছে। এটিরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুল আলম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফজাল হোসেন, জেলা প্রশাসক সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী ও পুলিশ সুপার মো. মেহেদুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজনৈতিক নেতা ও সুধীজন।

২০১৪ সালে সিমপ্লেক্স ও নাভানা কনস্ট্রাকশন গ্রুপের সঙ্গে এ ব্যাপারে চুক্তি হয়। এটি নির্মাণে এলজিইডি ১৩ একর জমি অধিগ্রহণ করে। নির্মাণে ব্যয় হয় ১৯১ কোটি ২৮ লাখ ৬৩ হাজার টাকা। ৯৫০ মিটার দীর্ঘ ও ৩২ মিটার চওড়া সেতুতে ১৯টি স্প্যান এবং ৯৫টি গার্ডার রয়েছে।