ডেস্ক: প্রকাশ্যে ভোট দেওয়ার কারণে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ রাখা, কিছু কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগসহ বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট শেষ হয়েছে। এখন কেন্দ্রে কেন্দ্রে ফল গণনা চলছে।
সন্ধ্যার পর থেকে ভোটের ফল রিটার্নিং কর্মকর্তার হাতে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এরপর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানা যাবে, কে হচ্ছেন খুলনার নগরপিতা।
আজ মঙ্গলবার সকাল ৮টায় এ সিটি কর্পোরেশনের ২৮৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বড় ধরনের কোনো সহিংসতার অভিযোগ পাওয়া যায়নি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
তবে ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ২০২ নম্বর ভোটকেন্দ্র ইকবালনগর সরকারি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোট স্থগিত করা হয়েছে। অন্যদিকে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের ফাতেমা উচ্চ বিদ্যালয়েও একইভাবে জোর করে ভোট দেওয়া হয়। পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে প্রায় আধা ঘণ্টা ভোট বন্ধ রাখা হয়।
সার্বিক নির্বাচন পরিস্থিতি নিয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইউনুছ আলী বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হয়েছে।
এ নির্বাচনের দুটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দিয়েছেন ভোটাররা। সেখানে কোনো ত্রুটি হয়নি। ভোটাররাও ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ করলেও আওয়ামী প্রার্থী তা অস্বীকার করেছেন।
খুলনা সিটিতে মোট ভোটার চার লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন। ভোটকেন্দ্র ২৮৯টি। প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার রয়েছে চার হাজার ৯৭২ জন।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত