November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মেলানিয়া ট্রাম্প বুকলেট নকল করলেন এবার

ডেস্ক: স্বামী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যৌন কেলেংকারি, মিথ্যাচার, বেফাঁস মন্তব্য নিয়ে একের পর এক বিতর্ক চলছে। বিতর্কিতদের খাতায় নিজের নামটিও বোধয় লেখাতে চাইছেন মেলানিয়া ট্রাম্প। বিবিসি জানাচ্ছে, এবার বুকলেট নকলের অভিযোগ উঠেছে মার্কিন ফার্স্ট লেডির বিরুদ্ধে।
দুই বছর আগে বক্তৃতা নকলের অভিযোগ ওঠে এই মার্কিন ফার্স্ট লেডির বিরুদ্ধে। সেসময় রিপাবলিকান পার্টির সম্মেলনে দৃঢ় পারিবারিক মূল্যবোধ সম্পর্কে একটি বক্তৃতা দেন মেলানিয়া ট্রাম্প। সেই বক্তৃতাও ছিল সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার দেয়া একটি বক্তৃতার প্রায় হুবহু নকল।
গতকাল সোমবার বেশ ঢাক-ঢোল পিটিয়েই শিশুদের অনলাইন নিরাপত্তার বিষয়ে প্রচারণা শুরু করেছেন মেলানিয়া ট্রাম্প। এ উপলক্ষে তার প্রকাশ করা বুকলেটটির নাম ‘টকিং উইথ কিডস এবাউট বিয়িং অনলাইন’। কিন্তু এটির সঙ্গে ব্যাপক মিল রয়েছে চার বছর আগে ওবামা প্রশাসনের সময় বের করা একই বিষয়ের একটি বুকলেটের। দুই বুকলেটের আকারে শুধু নয়, লেখাতেও মিল। দুই বুকলেটের অদ্ভূত মিল নিয়ে টুইটারে প্রশ্ন তুলেছেন অনেকেই।
ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেছেন, তিনি ‘বি বেস্ট’ বলে যে প্রচারণার উদ্যোগ নিয়েছেন, সেটির উদ্দেশ্য শিশুদের সামাজিক, মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেওয়া।
গতকাল সোমবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে তিনি প্রচারণার উদ্বোধনকালে তিনি বলেন, সোশ্যাল মিডিয়া শিশুদের ওপর ইতিবাচক এবং নেতিবাচক- দু ধরনের প্রভাবই রাখতে পারে। কিন্তু বেশিরভাগ সময় একটি নেতিবাচকভাবেই ব্যবহার করা হয়। মেলানিয়া ট্রাম্প সাইবার বুলিয়িং বা অনলাইনে লোকজনকে যারা উত্যক্ত-হয়রানি করে, তাদের বিরুদ্ধে কাজ করার কথা বলেছেন এর আগেও।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার স্বামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই যেভাবে টুইটারে বিভিন্ন আক্রমণাত্মক পোস্ট দেন সেগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন।
সাংবাদিক ক্যাথি আরিউ লিখেছেন, মেলানিয়া সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কথা বলছেন। এটা পরিহাসের মতো শোনাচ্ছে। তার স্বামী নিজেই একজন বড় সাইবার বুলিস্ট বলে পরিচিত।