October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মহাভারত-ডারউইন প্রসঙ্গে মন্তব্য: ‘বাচাল’ নেতাদের সতর্ক করলেন মোদি

ডেস্ক: সম্প্রতি বিজেপির বেশ কয়েকজন সংসদ সদস্য ও নেতা সন্ত্রাস থেকে ধর্ষণ এবং মহাভারত থেকে ডারউইন পর্যন্ত বিষয়ে ভিত্তিহীন, অবৈজ্ঞানিক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন। এই প্রেক্ষিতে ভারতের বিজেপির ‘বাচাল’ নেতাদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক ভিডিও কনফারেন্সে আইনপ্রণেতাদের সঙ্গে কথা বলার সময় রবিবার এই সতর্কবার্তা দেন তিনি।

নরেন্দ্র মোদি বলেন, হাস্যকর কথাবার্তার কারণে একদিকে সেসব নেতার যেমন সম্মান নষ্ট হচ্ছে, একই সঙ্গে ইমেজ সংকটে পড়ছে বিজেপি।

তিনি বলেন, আমরা মিডিয়ার সামনে এমনভাবে কথা বলি যেন মহান সমাজবিজ্ঞানী হয়ে গেছি। যে ইস্যুই পাই বিশ্লেষণ করার মতো যেন বিশেষজ্ঞ হয়ে গেছি। যখনই ক্যামেরার সামনে পড়েন, আপনারা বকবক শুরু করেন। আর এ কারণেই এমন সব ফালতু কথা মিডিয়ায় উঠে আসে।

প্রসঙ্গত, শনিবার জুনিয়র বাণিজ্যমন্ত্রী সন্তোষ গ্যাংওয়ার বিতর্কের মুখে পড়েন। ধর্ষণে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের যে বিধান হচ্ছে, এ নিয়ে তিনি বলেছেন, এত বড় দেশে দু-একটা ঘটনার জন্য অত বাড়াবাড়ি ঠিক হচ্ছে না।

চলতি মাসে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব দাবি করেন, ইন্টারনেট ও স্যাটেলাইটের মতো প্রযুক্তি মহাভারতের যুগেই তৈরি করেছিল প্রাচীন ভারতীয়রা।

গত জানুয়ারিতে কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিং বলেন, ডারউইনের তত্ত্ব বৈজ্ঞানিকভাবে ভুল, কেননা বনমানুষ থেকে যে আমরা মানুষ হয়েছি, এর তো কোনো সাক্ষী নেই।

সূত্র: এনডিটিভি