October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘তারেকের পাসপোর্ট জমা দেয়ার খবর ভিত্তিহীন’

ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমানের পাসপোর্ট জমা দেয়ার তথ্য ভিত্তিহীন।
সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনারা ক্ষমতায় আছেন, হাইকমিশন তো সরকারের নিয়ন্ত্রণে। তাহলে তারেক রহমান পাসপোর্ট জমা দিয়ে থাকলে সেটি সবাইকে দেখান। কই, সেটা তো পারলেন না।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
লন্ডন সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে মিথ্যাচার করছেন উল্লেখ করে রিজভী বলেন, তারেক রহমানের পাসপোর্ট জমা দেয়ার যে উড়ো খবর দেয়া হয়েছে, তার জন্য আইনি ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, বিদেশে বাংলাদেশ হাইকমিশনে তারাই পাসপোর্ট জমা দেন, যারা বিদেশিদের বিয়ে করে সে দেশের নাগরিকত্ব গ্রহণ করেন। বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ মুখে মুক্তিযুদ্ধের কথা বলে, কিন্তু তারা নিজেরাই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী দল। তারা মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, আবুল খায়ের ভূঁইয়া, সাংবাদিক শওকত মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক বেলাল আহমদ প্রমুখ।

সূত্র: বিবার্তা