ডেস্ক: আরো ছয় বছরের জন্য ক্ষমতায় যাওয়ার সুযোগ পেয়েছেন ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট নির্বাচনে প্রত্যাশিত জয় পেয়েছেন তিনি।
গতকাল রোববার অনুষ্ঠিত নির্বাচনের প্রায় সব ভোট গণনা শেষে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। পুতিন ৭৬ শতাংশেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষিত হওয়ার পর রাজধানী মস্কোয় এক সমাবেশে ভাষণ দিয়েছেন পুতিন। ভাষণে তিনি বলেছেন, গত কয়েক বছরের অর্জনকে স্বীকৃতি দিয়েছেন ভোটাররা।
এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ছয় বছর পর আরেকটি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি দাঁড়াবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনি যা বলছেন তা কিছুটা কৌতুককর। আপনি কি মনে করেন ১০০ বছর না হওয়া পর্যন্ত আমি এখানে থাকবো? না!
এই নির্বাচনে জয়ের মাধ্যমে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রে পুতিনের মেয়াদ ২৪ বছর হতে যাচ্ছে। ২০০০ সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে তিনি টানা দুই মেয়াদে প্রেসিডেন্ট, এরপর এক মেয়াদে প্রধানমন্ত্রীত্বের পর ফের টানা দুই মেয়াদ প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। একমাত্র সোভিয়েত আমলের একনায়ক যোশেফ স্ট্যালিন এর চেয়ে বেশিদিন রাশিয়ার ক্ষমতায় ছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এবারের নির্বাচনের ফলাফলে পুতিনের জনপ্রিয়তা আরো বাড়ার ইঙ্গিত পাওয়া গেছে। এর আগে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ৬৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। এবার ১২ শতাংশ ভোট বেশি পেয়েছেন।
পুতিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী কোটিপতি কমিউনিস্ট পাভেল গ্রুদিনিন প্রায় ১২ শতাংশ ভোট পেয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বীদের মধ্যে জাতীয়তাবাদী ভ্লাদিমির জিরনোভস্কি ছয় শতাংশ এবং সাবেক টেলিভিশন উপস্থাপক কেসেনিয়া সোবচাক দুই শতাংশেরও কম ভোট পেয়েছেন।
ইউক্রেইন থেকে বিচ্ছিন্ন করে রাশিয়ার অংশ করে নেওয়া ক্রিমিয়াবাসী প্রথমবারের মতো রাশিয়ার এই নির্বাচনে অংশ নিয়েছে।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।