ডেস্ক: উচ্চ আদালতে আজ সোমবার দুপুর দুইটায় বেগম খালেদা জিয়ার জামিন সংক্রান্ত আদেশ দেওয়া হবে। গতকাল রোববার সকালে নিম্ন আদালত থেকে নথি না আসায় আজ জামিন বিষয়ে আদেশের দিন ধার্য করা হয়।
সংশ্লিষ্ট বেঞ্চে আজ সোমবারের কার্যতালিকার এক নন্বরে রাখা হয়েছে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রীর এই মামলাটি।
গতকাল রোববার দুপুর সোয়া ১২টার দিকে টিনের বাক্সে তালাবন্দি করে পাঁচ হাজার ৩৭৩ পৃষ্ঠার নথি পাঠানো হয় উচ্চ আদালতে। নিম্ন আদালত থেকে বিশেষ ব্যবস্থায় পাঠানো এ নথি বেলা ১টার দিকে পৌঁছায় উচ্চ আদালতে। পরে কোতয়ালী থানার এএসআই মঞ্জু মিয়ার কাছ থেকে নথি গ্রহণ করেন সেকশন কর্মকর্তা কে এম ফারুক। আদান-প্রদান শাখা থেকে নথি নেওয়া হয় ফৌজদারি আপিল শাখায়।
উচ্চ আদালত গত ২২ ফেব্রুয়ারি নথি চেয়ে নিম্ন আদালতকে আদেশ দেন। জানানো হয়, এই নথি পাওয়ার পর খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ দেবেন আদালত।
উচ্চ আদালতের আদেশ অনুযায়ী ১৫ দিনের মধ্যে নথি আসার সময়সীমা শেষ হলে গত বৃহস্পতিবার বিষয়টি আদালতের নজরে আনেন খালেদা জিয়ার আইনজীবীরা। পরে জামিন বিষয়ে শুনানির জন্য গতকাল রোববার দিন ঠিক করেন উচ্চ আদালত।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ড মাথায় নিয়ে বিএনপির চেয়ারপার্সন গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা