ডেস্ক : সদরঘাটে যাত্রীদের চাপ কমানোর লক্ষ্যে পোস্তগোলার শ্মশানঘাট সংলগ্ন এলাকায় আরেকটি টার্মিনাল ভবন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
তিনি বলেন, ‘এ লক্ষ্যে সদরঘাট থেকে শ্মশানঘাট পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছে।’
রোববার ঢাকার সদরঘাটে নিরাপদ ও দুর্ঘটনামুক্ত নৌযান চলাচল নিশ্চিতকরণের লক্ষ্যে ঈদপূর্ব এক প্রস্তুতি সভায় এ কথা বলেন মন্ত্রী।
বৈঠকে অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদ, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল (যাত্রী পরিবহন) সংস্থার চেয়ারম্যান মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম এবং লঞ্চ মালিক সমিতির সহসভাপতি মো. শহীদ ভূইয়া ও সাইদুর রহমান রিন্টু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল হকারমুক্ত করার কাজে অবহেলার জন্য সদরঘাট টার্মিনালে নিয়োজিত পুলিশ, আনসার ও সংশ্লিষ্টদের প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, ‘লঞ্চ যাত্রীদের সেবার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। যাত্রী হয়রানি বন্ধ, ব্যাগ চুরি ও ঘাটে লেবারদের লাগেজ টানাটানি বন্ধ করতে হবে।’
যাত্রীদের দুর্ভোগে না ফেলতে তিনি সংশ্লিষ্টদের আরো কঠোর হওয়ারও নির্দেশ দেন।
শাজাহান খান বলেন, ‘যাত্রীদের দুর্ভোগ লাঘবে নতুন টার্মিনাল ভবন করা হয়েছে। লঞ্চঘাটে জেটি ও পল্টুন বৃদ্ধি করা হয়েছে। সদরঘাটকে আধুনিকায়ন করা হয়েছে।’
তিনি বলেন, ‘সদরঘাটে যাত্রীদের চাপ কমানোর লক্ষ্যে পোস্তগোলাস্থ শ্মশানঘাট সংলগ্ন এলাকায় আরেকটি টার্মিনাল ভবন নির্মাণ করা হবে। এ লক্ষ্যে সদরঘাট থেকে শ্মশানঘাট পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছে।’
লঞ্চ থেকে যাত্রীরা যাতে কোনো ময়লা-আবর্জনা সরাসরি নদীতে না ফেলে সে লক্ষ্যে প্রতিটি লঞ্চে ডাস্টবিনের ব্যবস্থা থাকবে। লঞ্চে রোটেশন প্রথা, ওভারলোডিং বন্ধ, সিঁড়িতে প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে মর্মে সভায় সিদ্ধান্ত হয়।

এ বিভাগের আরো..
রাষ্ট্রপতি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন
রাষ্ট্রপতি দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন আগামীকাল
ভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোকারীদের চিনে রাখতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী