ডেস্ক: শ্রীলঙ্কার কাছে টানা দুই সিরিজ হারের পর তারুণ্যে ভরপুর একাদশ নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচেই অভিষেক হয়েছে চার ক্রিকেটারের। নতুন চার মুখ হলেন আফিফ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু ও আরিফুল হক। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজকের ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ।
অভিষিক্ত চারজন টি-টোয়েন্টির মাধ্যমেই আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখতে যাচ্ছেন। অফ স্পিনিং অলরাউন্ডার আফিফকে ক্যাপ দিয়েছেন তামিম ইকবাল। উইকেটরক্ষক-ব্যাটসম্যান জাকিরকে টুপি দিয়েছেন মুশফিকুর রহিম। বাঁহাতি স্পিনার নাজমুলকে টুপি পরিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ। অল-রাউন্ডার আরিফুলকে খালেদ মাহমুদ। সর্বশেষ ২০১৬ সালের জানুয়ারিতে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে একসঙ্গে অভিষেক হয়েছিল চার জনের।
চোটের কারণে একাদশে থাকতে পারেননি দেশসেরা ওপেনার তামিম ইকবাল। টেস্ট এবং ওয়ানডে সিরিজে দলের বাইরে থাকা সৌম্য সরকার তার পুরনো সঙ্গীকে তাই পাচ্ছেন না। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানও চোটের কারণে দলের বাইরে। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। তিনি বাংলাদেশের ৬ষ্ঠ টি-টোয়েন্টি অধিনায়ক।
বাংলাদেশ দল: সৌম্য সরকার, মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সাইফউদ্দিন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, জাকির হোসেন, আফিফ হোসেন, নাজমুল হক অপু, আরিফুল হক।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ