October 13, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মন্ত্রিসভায় ২ খসড়া আইন অনুমোদন

ডেস্ক: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আইন ২০১৮-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।মন্ত্রিপরিষদ সচিব জানান, তথ্য মন্ত্রণালয় থেকে এ আইনটি উপস্থাপন করা হয়। যাচাই-বাছাই শেষে এই আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

খসড়ায় বলা হয় সাংবাদিকদের জন্য ১৬ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা বোর্ড গঠন করা হবে। এতে যুগ্ন সচিক পদ মর্যাদার সরকারি আমলা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সম্পাদক এবং সাংবাদিক ইউনিয়নের নেতারা থাকবেন। এই পরিচালনা বোর্ডে সরকার মনোনীত একজন মহাপরিচালক নিয়োগ দেওয়া হবে। খসড়ায় সাংবাদিকের সংজ্ঞায় বলা হয়েছে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মাধ্যমে কাজ করা সাংবাদিকরা এর অন্তভুক্ত হবেন।

এ ছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন আইন ২০১৮-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।মন্ত্রিপরিষদ সচিব জানান, কৃষি মন্ত্রণালয় থেকে এ আইনটি উপস্থাপন করা হয়। যাচাই-বাছাই শেষে এই আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

এতে বিএডিসির অপরাধ ও সাজার বিষয়টি পুর্নবিন্যাস করা হয়েছে। খসড়ায় বলা হয়েছে, কেউ যদি বিএডিসির নোটিশ অমান্য করে তবে  তার ন্যূনতম ৬ মাসের জেল ও ১০ হাজার টাকা কারাদণ্ড দেওয়া হবে।