November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘জীবনের অর্জিত শিক্ষাকে মানবতার কল্যাণে ব্যয় করা প্রয়োজন’

ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সারাজীবনের অর্জিত জ্ঞান ও শিক্ষাকে মানবতার কল্যাণে ব্যয় করা প্রয়োজন। আমাদের জীবন একটাই, আর তাই জীবনকে অর্থপূর্ণ করে তোলা আবশ্যক। ব্যক্তিজীবনে লক্ষ্য নির্ধারণ করে সফলতা অর্জন এবং সেই সফলতাকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ছড়িয়ে দেওয়াটা জরুরি।

আজ রবিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ১৯তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্পিকার বলেন, একবিংশ শতাব্দীতে অর্থনীতির চালিকাশক্তি হবে এশিয়া। বাংলাদেশও এ যাত্রায় সহযাত্রী থাকবে। এই যাত্রায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার নেতা থাকবে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা। তাই জ্ঞান-নির্ভর এই বিশ্বায়নের যুগে মেধাচর্চার কোনো বিকল্প নেই।

স্পিকার আরো বলেন, শান্তি, সমৃদ্ধি ও সন্ত্রাসমুক্ত যে বিশ্বের কথা বলা হচ্ছে, তা অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে সবার কাছে বাংলাদেশ একটি রোল মডেল হতে পারে।

সমাবর্তন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ও আইইউবির উপাচার্য প্রফেসর এম ওমর রহমান প্রমুখ।