October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরতে হবে’

ডেস্ক: বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মধ্যে তুলে ধরতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।

আজ রবিবার টাঙ্গাইল জেলা তথ্য অফিস আয়োজিত প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের প্রচার অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে তিনি এই আহবান জানান। সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে তারানা হালিম টাঙ্গাইলে ভিডিও কনফারেন্সে অংশ গ্রহণ করেন।

তারানা হালিম বলেন, সরকারের উন্নয়ন প্রচারে আনার পাশাপাশি বিগত ২০০৫-২০০৬ সালের বর্তমান উন্নয়নের তুলনামূলক চিত্রও তুলে ধরতে হবে। তখন দেশের উন্নয়ন পরিস্থিতি কি ছিলো এবং বর্তমান সরকারের সময় ২০১৭ সালে উন্নয়ন কোনো অবস্থায় পৌঁছেছে সেটা তুলে ধরতে হবে।

তিনি বলেন, প্রচারের দিক থেকে আমরা যেনো কোনোভাবে পিছিয়ে না পরি সেদিকে লক্ষ্য রাখতে হবে। সরকারের উন্নয়ন কার্যক্রমকে জেলা তথ্য কার্যালয়ের উদ্যোগে প্রচারে আনতে হবে। সরকারের উন্নয়নের সফলতার কারণেই বাংলাদেশ মধ্য আয়ের দেশে প্রবেশ করতে যাচ্ছে, এটাও প্রচার করা দরকার।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে উন্নত একটি দেশে রূপান্তর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং কার্যক্রম চালু করেছেন। এ কার্যক্রমে জেলার সকল শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। তবেই এ উদ্যোগ সফল হবে।ঢাকা থেকে টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুর ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।

ভিডিও করফারেন্সে অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নাসির উদ্দিন আহমদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় তথ্য প্রতিমন্ত্রী সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপকার ভোগীদের সাথেও কথা বলেন। অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার উন্নয়ন কর্মকান্ড ও ইতিহাস-ঐতিহ্যের প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়।

টাঙ্গাইল থেকে আলোচনায় অংশ নেন সংসদ সদস্য মনোয়ারা বেগম, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।