ডেস্ক: মিসরের উত্তর সিনাই প্রদেশে একটি মসজিদে সন্দেহভোজন জঙ্গিদের বোমা বিস্ফোরণ ও গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৫। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় বির আল আবেদ শহরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় শতাধিক আহত হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশন ও বার্তা সংস্থা এমইএনএর খবরে প্রাথমিকভাবে ২৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। আজ রোববার নিহত ব্যক্তির সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। তাদের মধ্যে ৩০টি শিশুও রয়েছে।
মিসরের তদন্ত কর্মকর্তারা সন্দেহ করছেন হামলাকারীরা কথিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) । হামলাকারীদের কাছে আইএসের পতাকা দেখা গেছে বলে তারা জানিয়েছেন। তবে জানা গেছে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
মিসরের সরকারি আইনজীবীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মোট ৩০ জন হামলাকারীকে ঘটনাস্থলে দেখা গেছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, এরই মধ্যে ‘সন্ত্রাসী’ ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়েছে। মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের সংগ্রামের প্রচেষ্টা থামানোর জন্যই এ হামলা করা হয়েছে। তিনি কঠিন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারের কথা বলেন।
মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, হামলার পরপরই দেশটির প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি জরুরি নিরাপত্তা বৈঠক ডাকেন। এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, এল আরিশ শহরের পশ্চিমে বির আল-আবেদ এলাকার আল-রাওদা মসজিদে গতকাল প্রথমে বোমা হামলা চালানো হয়।পরে হামলার শিকার ব্যক্তিরা মসজিদ থেকে পালানোর চেষ্টা করলে তাদের ওপর গুলি করে হামলাকারীরা। ওই মসজিদের প্রবেশ পথ আটকে দেওয়ার জন্য বাইরে থাকা যানবাহনে আগুন ধরিয়ে দেয় তারা। হামলাকারীরা মুখোশ পরা ছিল। কয়েকজনের পরনে ছিল সামরিক পোশাক।
মিসরের সংঘাতময় সিনাই অঞ্চলে চালানো অন্যতম ভয়াবহ হামলা এটি। ওই অঞ্চলে ইসলামি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে দেশটির নিরাপত্তা বাহিনী। বিশেষ করে সিনাইয়ের উত্তরে জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে লড়াই করছে নিরাপত্তা বাহিনী। গত তিন বছরে লড়াই ব্যাপক আকার ধারণ করেছে।
স্থানীয় লোকজনের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মসজিদে আগত ব্যক্তিরা সুফি ধারার অনুসারী ছিলেন। আইএস সন্ত্রাসীরা সুফি মতাদর্শ অনুসারীদের কাফের বলে বিবেচনা করে থাকে।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।