ডেস্ক: মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে দোকানপাট বন্ধ রেখে সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। এদিকে, ডাকাত দলের গুলিতে আহত ২ পুলিশ সদস্যকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, বুধবার রাত ৮টার দিকে মানিকগঞ্জ শহরের স্বর্ণকারপট্টি এলাকায় নাগ জুয়েলার্সে হানা দেয় ৭ থেকে ৮ জনের একদল সশস্ত্র মুখোশধারী দুর্বৃত্ত। এ সময় তারা অস্ত্রের মুখে কর্মচারীদের জিম্মি করে ব্যাপক লুটপাট চালায়। পরে ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে মাইক্রোবাসে করে পালিয়ে যায় তারা।
ডাকাতির খবর পেয়ে মহাসড়কে ব্যারিকেড দিলে ঢাকা-সাটুরিয়া সড়কে পুলিশের ওপর এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এতে পুলিশের ২ এসআইসহ ৩ সদস্য আহত হন। আহতদের ২ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে দোকানপাট বন্ধ রেখে সমাবেশ করেন ব্যবসায়ীরা। এ সময়, নাগ জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি জানান তারা।
ঘটনার নিন্দা জানিয়ে মানিকগঞ্জ বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক প্রবীর সরকার বলেন, ‘প্রত্যেক আসামিকে যেনো দ্রুত গ্রেপ্তার করা হয় এবং আমাদের মালামাল ফেরত দেয়া হয়। আর ব্যবসায়ীদের যেনো নিরাপত্তা দেয়া হয়।’
ঘটনাস্থল থেকে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। বাকি ডাকাতদের ধরতেও অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
মানিকগঞ্জ শহরের স্বর্ণকারপট্টিতে অর্ধশতাধিক স্বর্ণের দোকান রয়েছে।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২