October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বিএনপির সমাবেশে আজ

ডেস্ক : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ডাকা সমাবেশস্থলে মঞ্চ নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সীমানার পশ্চিম পাশের প্রাচীর ঘেঁষা তৈরি করনা হয়েছে সমাবেশের মঞ্চ। মঞ্চের চারপাশে অসংখ্য ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে।

রবিবার (১২ নভেম্বর) দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। সমাবেশের মঞ্চ তৈরির কাজ শেষ। মঞ্চ তদারকির দায়িত্বপ্রাপ্তরা জানান, শনিবার সন্ধ্যা থেকে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। রাতের মধ্যেই ৬০ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থের সমাবেশ মঞ্চ তৈরির কাজ প্রায় সম্পন্ন। এখন মঞ্চের আশেপাশে মাইকে সংযোগ স্থাপন, সিসিটিভি লাগানো ও সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এছাড়া মঞ্চের সামনে বাঁশ দিয়ে একটি নির্দিষ্ট স্থান পর্যন্ত বেরিকেড দেয়া হচ্ছে। বেগম খালেদা জিয়ার নিরাপত্তার স্বার্থে সাধারণ নেতাকর্মীদের ওই ব্যারিকেডের বাইরে রাখা হবে।

এদিকে সমাবেশ সফল করতে সকাল থেকেই আসতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশে বিকেলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন খালেদা জিয়া। দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকালে থেকেই রাজধানী ও এর আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভী অভিযোগ করে সাংবাদিকদের বলেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশকে পন্ড করতে সরকার আশপাশের জেলাসহ বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী গণপরিবহন বন্ধ করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হয়েছে। তবে তাতে কোনো কাজ হবে না। বিএনপির সমাবেশমুখ জনস্রোত ঠেকাতে পারবে না সরকার।

দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে বিএনপির চেয়ারপারসন আগামী জাতীয় নির্বাচন, দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি, গণতন্ত্রহীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রোহিঙ্গা ইস্যুসহ সাধারণ মানুষের সমস্যাসহ বিভিন্ন বিষয় তুলে ধরে ভাষণ দেবেন।

শনিবার সকালে ২৩টি শর্ত সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বিএনপিকে অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এর পরপরই নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিক ঘোষণা দেন।